নতুন করে সংঘাতে ফের উত্তাল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য। দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জাতিগত সহিংসতায় অন্তত তিনজন নিহত হয়েছেন। খবর ডনের।
গত প্রায় তিন বছর ধরে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতেই এবং সংখ্যালঘু কুকি সমপ্রদায়ের মধ্যে সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে।
শুক্রবার এক বিবৃতিতে মণিপুর পুলিশ জানিয়েছে, তুমুল গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন। রাজ্যের উখরুল জেলার মুল্লাম গ্রামে এই সংঘাত হয়েছে। তবে কোন সমপ্রদায়ের লোকজন এই হামলায় জড়িত তা নিয়ে পুলিশ স্পষ্ট করে কিছু জানায়নি।
সংঘাত দমনে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে অভিযান অব্যাহত রয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
মানবাধিকার কর্মীরা দাবি করছেন, রাজনৈতিক লাভের জন্য স্থানীয় নেতারা দুই সমপ্রদায়ের মধ্যে সংঘাত জিইয়ে রেখেছেন। সরকারি তথ্যের বরাতে ডন বলছে, ২০২৩ সালে সংঘাত শুরু হলে অন্তত ৬০ হাজার লোক বাড়িছাড়া হয়েছে।
এরপর বিভিন্ন সময়ে সংঘাত দেখা দিলেও তা নিয়ন্ত্রণে ছিল নিরাপত্তা বাহিনীর।
চলতি মাসের শুরুতে কুকি গোষ্ঠী হামলা চালালে দুই শিশুসহ চারজন নিহত হয়। এর জবাবে পরবর্তী সময়ে মেইতেই সমপ্রদায়ের লোকজন একটি আধা-সামরিক ক্যাম্পে হামলা চালায়।
