টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় শাজাহান আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার দুপুরে বৃত্তি প্রদান, নগদ অর্থ প্রদান, পুরস্কার বিতরণ ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শামীম মিয়ার সভাপতিত্বে প্রতি বছরের ন্যায় এবারও ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ৪১টি স্কুলের ৩৭৮ জন শিক্ষার্থীর মধ্য থেকে ২৯ জনকে ট্যানেল্টপুল ও ৪৬ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়াও প্রয়াস ঘাটাইল স্কুলের অটিষ্টিক শিক্ষার্থী যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদের সকলকেই বিশেষ পুরস্কার, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। নাগবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, দেউলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান, নাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন নিছা, দেউলাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও পাকুটিয়া পাবলিক স্কুলে অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক কাজী আব্দুল বারী, ঘাটাইল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মুকুল একাডেমি স্কুলের সিনিয়র শিক্ষক বিশিষ্ট সাংবাদিক মো. নুরুজ্জামান মিয়া, ঘাটাইল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি এবিএম আতিকুর রহমান (আতিক) প্রমুখ।
এ সময় শাজাহান আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি মো. শামীম মিয়া বলেন, দীর্ঘদিন ধরে আমরা উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করে আসছি। এ ছাড়াও তাদের উচ্চশিক্ষা গ্রহণে আর্থিক অনুদান প্রদান, জামা-কাপড়, বই-খাতা প্রদান ও কন্যা দায়গ্রস্ত পিতা-মাতাকে তাদের সন্তানদের বিবাহের জন্য সকল সুযোগ সুবিধা প্রদান করে চলছি। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা আরও বৃহৎ পরিসরে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই।
