সিলেটের পরিবহন খাতের শৃঙ্খলা ও রুট ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে জগন্নাথপুর-সিলেট-সুনামগঞ্জ-দিরাই এবং সিলেট-বিশ্বনাথ-রামপাশা মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপের সাধারণ মালিকদের উদ্যোগে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কদমতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনাল হলরুমে এই সভার আয়োজন করা হয়।
মো. আবুল হোসেন সুন্দর আলীর সভাপতিত্বে ও শাহেদ আহমদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রুফ। স্বাগত বক্তব্য রাখেন শাহজাহান। সভায় বক্তব্য রাখেন মালিকপক্ষীয় প্রতিনিধি সেলিম আহমদ, এমএলএ শাহীন আহমদ, আলী আছকর, পলাশ মণ্ডল, রুমেল আহমদ, ওলিউর রহমান, আইয়ুব মিয়া, আব্দুল মতিন চৌধুরী এবং নজরুল ইসলাম প্রমুখ। সভার একপর্যায়ে গ্রুপের সাবেক সভাপতি মরহুম সোহেল আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সভার শেষে উপস্থিত মালিকদের সর্বসম্মতিক্রমে আগামী তিন মাস মেয়াদি ৭ সদস্যবিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।
নবগঠিত এই কমিটির সদস্যরা হলেন- মো. আবুল হোসেন সুন্দর আলী, মো. আলী আছকর, মো. শাহজাহান, শাহেদ আহমদ, শাইদুর রহমান, শাহীন আহমদ, রুহুল আহমদ। অ্যাডহক কমিটির নেতৃবৃন্দ আগামী ৯০ দিনের মধ্যে গ্রুপের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং পরবর্তী নির্বাচন বা পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে সভায় জানানো হয়। সভায় পরিবহন ব্যবসার বর্তমান সংকট, রুট ব্যবস্থাপনা এবং মালিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
