‘সিলটি পাঞ্চায়িত’-এর সংবাদ সম্মেলন

জনসভার অনুমতি না দেয়ার অভিযোগ

ফন্ট সাইজ:

সিলেট বিভাগের ন্যায্য দাবি আদায়ে আহূত জনসভার প্রশাসনের অনুমতি চেয়েও না পাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সিলেট বিভাগের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সিলটি পাঞ্চায়িত’। গত ১৮ই এপ্রিল সিলেট নগরীর কোর্ট পয়েন্টে নির্ধারিত জনসভা স্থগিতের ঘটনায় শনিবার নগরীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, সিলেট বিভাগের স্বায়ত্তশাসন, সিলটি ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বা অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে এ জনসভার আহ্বান করা হয়েছিল।

এজন্য পুলিশ কমিশনারের নিকট যথাযথ নিয়মে লিখিত আবেদন করা হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তা গ্রহণ করেন। তবে পরদিন পুলিশ কমিশনার সংগঠনের নেতাদের ডেকে স্বায়ত্তশাসন ও সিলটি ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি বাদ দিয়ে জনসভা আয়োজনের শর্ত দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা এসব দাবি নিয়ে আন্দোলন করে আসছেন, তাই তা বাদ দেয়া সম্ভব নয়। এতে পুলিশ কমিশনার এ দাবিসহ জনসভা করার অনুমতি না দেয়ার কথা জানান। ফলে সংগঠনটি তাৎক্ষণিকভাবে কর্মসূচি স্থগিত ঘোষণা করে। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, এটি তাদের সাংবিধানিক মৌলিক অধিকার, বিশেষ করে মত প্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের পরিপন্থি। তারা দাবি করেন, ‘সিলটি পাঞ্চায়িত’ কোনো নিষিদ্ধ বা আন্ডারগ্রাউন্ড সংগঠন নয়; বরং সিলেটবাসীর ন্যায্য দাবির পক্ষে গণতান্ত্রিক কর্মসূচি পালন করে আসছে।

লিখিত বক্তব্যে বলা হয়, ২০২১ সালের ২১শে নভেম্বর গঠনের পর থেকে তারা ধারাবাহিকভাবে স্বায়ত্তশাসন, সিলটি ভাষার স্বীকৃতি এবং অবকাঠামোগত উন্নয়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে ২০২২ সালের ২৯শে নভেম্বর চৌহাট্টাস্থ শহীদ মিনারে স্বায়ত্তশাসনের দাবিতে কর্মসূচি, ২০২৩ সালের ২৭শে জুলাই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলটি ভাষাকে দ্বিতীয় অফিসিয়াল ভাষা করার দাবিতে মানববন্ধন এবং ২০২৫ সালের ৩০শে নভেম্বর কোর্ট পয়েন্টে প্রশাসনের অনুমোদনক্রমে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপিও প্রদান করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, তাদের উত্থাপিত দাবিগুলো সিলেটবাসীর প্রাণের দাবি। সরকার বিষয়টি বিবেচনা না করলে ভবিষ্যতে আন্তর্জাতিক মহলেও বিষয়টি উত্থাপন করা হতে পারে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন