মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক র্যাঙ্কিংগুলোতে ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। দেশের দ্বিতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও পূর্বে এসব র্যাঙ্কিংয়ে প্রতিষ্ঠানটির অবস্থান তেমন দৃশ্যমান ছিল না। তবে পরিকল্পিত উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সেই চিত্র দ্রুত বদলাতে শুরু করেছে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মতিউর রহমান (গ্রেড-১) আহ্বায়ক করে একটি বিশেষ র্যাঙ্কিং কমিটি গঠন করা হয়।
শুরু থেকেই কমিটিটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অবস্থান উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। কমিটির কার্যক্রমের মধ্যে রয়েছে- আন্তর্জাতিক র্যাঙ্কিং প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণ, র্যাঙ্কিংয়ের জন্য আবেদন সম্পন্ন করা, মানোন্নয়নের কৌশল নির্ধারণে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়, সেমিনার আয়োজন এবং শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন জরিপে অংশগ্রহণে উৎসাহ প্রদান। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারিতে সিমাগো র্যাঙ্কিংয়ে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে মাভাবিপ্রবি। সর্বশেষ ২৩শে এপ্রিল টাইমস হায়ার এডুকেশন (ঞঐঊ) কর্তৃক প্রকাশিত এশিয়া বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং ২০২৬-এ বিশ্ববিদ্যালয়টি ৬০১-৮০০ ব্যান্ডে স্থান পেয়েছে। এই র্যাঙ্কিংয়ে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মাভাবিপ্রবি’র অবস্থান ১১তম। র্যাঙ্কিং কমিটির আহ্বায়ক ড. মো. মতিউর রহমান বলেন- ইনশাআল্লাহ নিকট ভবিষ্যতে আমরা আরও উপরে উঠে যাবো। শিক্ষার্থীদের ক্লাস ও ল্যাব ওয়ার্কে আরও মনোযোগী হতে হবে। এতে তাদের নিজস্ব উন্নতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মানও বৃদ্ধি পাবে। কমিটির সেক্রেটারি ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান বলেন- এই অর্জনে আমরা আনন্দিত। তবে লক্ষ্য থাকা উচিত বিশ্বের শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নেয়া।
