কুমিল্লার দেবীদ্বারে ‘তেলবাহী পদ্মা ট্যাংক লরি’ থেকে ৩৪০ লিটার ডিজেল চুরির অভিযোগে ২ চোরাকারবারিকে আটক করে গতকাল বিকাল পৌনে ৩টায় কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের ‘দিবানিশি হোটেলের’ পশ্চিম পাশের মহসীনের দোকানে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) অপু বড়ুয়া এবং এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ‘পদ্মা কোং লিঃ-এর একটি ট্যাংক লরি’ থেকে পাইপের মাধ্যমে প্লাস্টিকের ড্রামে ডিজেল ভরার সময় হাতেনাতে ২ চোরকে আটক করা হয়। এ সময় পদ্মা কোং লিঃ-এর ট্যাংক লরি চালক পালিয়ে যায়। পুলিশ আরও জানায়, চোর সিন্ডিকেট চক্রটি তেল ক্রাইসিসের পর থেকে লরি থেকে এবং বিভিন্ন তেল পাম্প থেকে ডিজেল এনে মজুত রেখে বেশি দামে বিক্রি করে আসছিল।
আটক তেল চোর সিন্ডিকেট সদস?্যরা হলো, মুরাদনগর উপজেলার রেনু মেম্বারের ছেলে শাহীন মিয়া (৪৮) ও দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জুয়েল (৩০)। এ সময় পৌর এলাকার মীর্জানগর গ্রামের পিতা অজ্ঞাত ‘পদ্মা কোং লিঃ-এর ট্যাংক লরি’ চালক মোরশেদ আলম পালিয়ে যায়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক শাহীন, জুয়েল ও পলাতক মোরশেদকে অভিযুক্ত করে বেশি দামে ডিজেল বিক্রির জন্য মামলা দায়ের করে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, অভিযানে একটি প্লাস্টিকের ড্রামে ২শ’ লিটার এবং প্লাস্টিকের ছোট ৩টি কন্টেইনারে ৭০ লিটার ডিজেল এবং দোকানে তল্লাশি চালিয়ে আরও ৩টি প্লাস্টিকের কন্টেইনারে ৭০ লিটারসহ ৩৪০ লিটার ডিজেল এবং ‘পদ্মা কোং লিঃ-এর একটি ট্যাংক লরি’ উদ্ধারসহ অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের পূর্বক আদালতে চালান করা হয়।
