ঘাটাইলে ইটভাটার আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন

ঘাটাইলে ইটভাটার আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের ঘাটাইলের সিঙ্গুরিয়া এলাকায় ইটভাটার আগুন ও বিষাক্ত ধোঁয়ায় প্রায় আড়াইশ’ বিঘা জমির পাকা বোরো ধান পুড়ে নষ্ট হয়েছে। কাটার ঠিক আগ মুহূর্তে এমন ক্ষতিতে পথে বসার শঙ্কায় পড়েছেন শতাধিক কৃষক। ফলে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন এসব অসহায় কৃষক। গত বুধবার পর্যন্ত সব ঠিক থাকলেও, এক রাতের ব্যবধানে গত বৃহস্পতিবার সকালে ক্ষেতে গিয়ে কৃষকরা দেখেন ধানের শিষ পুড়ে চিটা, গাছ শুকিয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই শেষ হয়ে গেছে পুরো মৌসুমের স্বপ্ন। সরজমিন দেখা গেছে, টাঙ্গাইল-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সিঙ্গুরিয়া এলাকায় গড়ে ওঠা অন্তত পাঁচটি ইটভাটার আগুন ও ঘন ধোঁয়ায় ইরি ও বোরো ধান ঝলসে গেছে।

ক্ষতিগ্রস্ত এলাকায় নেমে এসেছে হাহাকার। ক্ষতিগ্রস্ত কৃষক লিয়াকত আলী বলেন- এক রাতেই সব শেষ। চোখের সামনে ধান পুড়ে গেল, কিছুই করার ছিল না। জমির মালিক ও বর্গাচাষিরা জানান- প্রতি বিঘায় ৪০-৫০ হাজার টাকা ব্যয়ে ডিজেলচালিত শ্যালো মেশিনে চাষাবাদ করেছেন তারা। ধান ঘরে তুলতে না পারায় এখন পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাতে হবে। এদিকে অভিযোগের বিষয়ে ভাটার মালিকদের জবাব অস্পষ্ট। স্বর্ণা ব্রিকসের মালিক শহিদুল ইসলাম বলেন- বিষয়টি নিয়ে পরে বসে কথা বলা যাবে আমি এখন ব্যস্ত। বিষয়টা নিয়ে পরে বসতে হবে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ না পাওয়ার কথা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন- অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন