নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে শতভাগ দায়িত্বশীলতা ও সততার সঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের গাফিলতি বা দুর্নীতির সুযোগ নেই, আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় তেরোতোপা সাহাবুদ্দিনের বাড়ি থেকে বড় বাড়িয়া নদী পর্যন্ত প্রায় ২৪শ’ মিটার খাল খনন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, ডাক্তার যেমন রোগ নির্ণয় করে চিকিৎসা দেন, তেমনি উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও এই এলাকার ‘ডাক্তার’।
আর আমি আপনাদের সেবক হিসেবে কাজ করি। প্রশাসন সঠিকভাবে কাজ করলে উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন সম্ভব। তিনি আরও বলেন, কাজের পূর্বশর্ত হলো শতভাগ বাস্তবায়ন। কোনো ধরনের ছাড় দেয়া হবে না। কেউ অবহেলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমার বাবা মৃত্যুর আগে আমাকে উপদেশ দিয়ে গেছেন- রাজনীতি করলে কখনো দুর্নীতি করা যাবে না। আমি সেই নীতিতে অটল। নিজে দুর্নীতি করবো না, কাউকেও করতে দেবো না। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দেশের স্বার্থে সততার সঙ্গে দায়িত্ব পালন করুন।
যারা তা করতে পারবেন না, তারা এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যান। ডেপুটি স্পিকার আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং তিনি নিজেও দীর্ঘদিন ধরে এ নীতি অনুসরণ করে আসছেন। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকারের একান্ত সচিব সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা। পরিদর্শন শেষে ডেপুটি স্পিকার একটি বৃক্ষরোপণ করেন।
