সিরাজগঞ্জের তাড়াশে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে চার ব্যক্তিকে চার লাখ টাকা জরিমানা ও প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে মাটি পরিবহন কাজে ব্যবহৃত চারটি ট্রাক্টর আটক করে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সোলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফসলি জমি কেটে অবৈধভাবে পুকুর খননের দায়ে ঘটনাস্থল থেকে রাকিব সেখ, আবু ইসহাক, মেহেদী হাসান ও তানজিদ হাসানকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেন। কৃষিজমি সংরক্ষণে অবৈধ মাটি ও পুকুর খনন রোধে এ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। অভিযানকালে উপজেলা জেলা প্রশাসন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
