খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘স্বেচ্ছামৃত্যুর পাঠবৃত্ত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের উদ্যোগে ৩ নম্বর একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে ‘কথা হোক বিস্তর: উপভোগ্য হোক জীবন নামক অবিকল্প উপহার’ প্রতিপাদ্যে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এ প্রবণতা কমাতে বিশ্ববিদ্যালয়ে মোটিভেশনাল সেমিনার, কাউন্সেলিং কার্যক্রম এবং মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা জরুরি। এ ধরনের ঘটনা চলমান থাকলে তা অন্যদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে এ ধরনের প্রবণতা রোধে সজাগ থাকার আহ্বান জানান।
বক্তৃতা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ড. শেখ মো. রজিকুল ইসলাম। সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে উপস্থাপন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডা. মামুন হুসাইন প্রমুখ। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলা ডিসিপ্লিনের প্রধান এবং কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. মো. দুলাল হোসেন।
