তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে পাবনার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন-রাতের অধিকাংশ সময় বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অসহনীয় গরমের মধ্যে বিদ্যুৎহীনতা জনজীবনে চরম ভোগান্তি ডেকে এনেছে। জেলার বিভিন্ন এলাকায় দিনে ২৪ ঘণ্টার মধ্যে ১৪ থেকে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না।
দীর্ঘ সময় বিদ্যুৎহীনতায় অনেকেই প্রহর গুনছেন কখন আবার কারেন্ট আসবে। জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়-ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে ছোট দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেচাকেনা উল্লেখযোগ্য হারে কমে গেছে। বিদ্যুৎ না থাকায় অনেক দোকান নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।
এদিকে গরমের তীব্রতায় অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। বাসা-বাড়িতে যেমন স্বস্তি নেই, তেমনি অফিস-আদালতেও নেমে এসেছে স্থবিরতা। বিদ্যুৎ না থাকায় সরকারি-বেসরকারি অফিসের কাজ ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ব্যাংকিং সেবাগ্রহীতারা। বিদ্যুৎ না থাকায় এবং জ্বালানি তেলের সংকটে অনেক ব্যাংকে জেনারেটর চালু রাখা সম্ভব হচ্ছে না। ফলে লেনদেনসহ গুরুত্বপূর্ণ সেবা ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। অন্যদিকে, পাবনার প্রত্যন্ত অঞ্চলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের পরিস্থিতি আরও নাজুক।
এসব এলাকায় দিনে ১৪ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না বলে অভিযোগ রয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকেই অপেক্ষায় থাকেন কখন বিদ্যুৎ আসবে এই আশায়। দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
