সদরপুরে ২৭ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

ফন্ট সাইজ:

ফরিদপুরের সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নে ১৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হওয়ায় বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রদানের জন্য এসব বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের পদ রয়েছে ৮০৯ জন। এরমধ্যে ১৩০ জন প্রধান শিক্ষক এবং ৬৭৯ জন সহকারী শিক্ষক। কিন্তু বর্তমানে ১৩০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ শূন্য। এ ছাড়া ৫১ জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। ফলে, ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা প্রদান ব্যবস্থা। এ ছাড়াও খাতা কলমে ১৩০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ৭৮ জন শিক্ষকের পদ শূন্য থাকার পরেও অনেক স্কুলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরাও নিয়মিত স্কুলে উপস্থিত থাকে না বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে উপজেলার চরাঞ্চল বলে খ্যাত চর নাসিরপুর, চর মানাইর, দিয়ারা নারিকেল বাড়িয়া এবং আংশিক আকোটের চর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা আরও নাজুক। ২৩নং হাট নারকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন বলেন, বিগত ১৪ বছর যাবৎ শিক্ষকদের পদোন্নতি আটকে আছে, ফলে চলতি দায়িত্ব, অতিরিক্ত দায়িত্ব দিয়ে শূন্য পদ থাকা স্কুলগুলো পরিচালিত হচ্ছে। উত্তর শৈলডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক বলেন, শিক্ষক ঘাটতি পূরণের পাশাপাশি চরাঞ্চলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর প্রতি শিক্ষকদের আরও আন্তরিক হওয়া প্রয়োজন। সেই সঙ্গে চরাঞ্চলের শিক্ষকদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা উচিত। তিনি আরও বলেন, উপজেলার সকল শিক্ষকদের ১ বছর চরাঞ্চলে বাধ্যতামূলক শিক্ষকতা করার বিধান তৈরি করা, সর্বশেষ দেশের হাওর অঞ্চলে শিক্ষকদের হাওর ভাতা দেয়া হয়, এমনকি আমাদের পার্শবর্তী চরভদ্রাসন উপজেলায় ঝড় ঝাউকান্দা ইউনিয়নে চর ভাতা দেয়া হয়। অনুরূপভাবে সদরপুর চরাঞ্চলে শিক্ষকদের চর ভাতা চালু করলে তারা আরও দায়িত্বশীল হবেন। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শূন্য প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুনুর রহমান বলেন, আমরা ইতিপূর্বে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়কে বিষয়টি অবগত করেছি। চরাঞ্চলে শিক্ষক শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিন্ত করার ব্যাপারেও আগামী শিক্ষা মিটিংয়ে বিষয়টি আলোচনা করা হবে। চরাঞ্চলের শিক্ষকদের সমস্যা চিহ্নিত করে সমাধান করা হবে যাতে করে চরাঞ্চলের শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা যায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন