ক্যান্সারে আক্রান্ত অভিনেতা তপন, অর্থাভাবে চিকিৎসা বন্ধ

ক্যান্সারে আক্রান্ত অভিনেতা তপন, অর্থাভাবে চিকিৎসা বন্ধ

ফন্ট সাইজ:

ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে গুরুতর অবস্থায় রয়েছেন ছোট পর্দা ও চলচ্চিত্রের অভিনেতা তারিকুজ্জামান তপন। গত ফেব্রুয়ারিতে সর্বশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। কিন্তু দুই মাসের ব্যবধানে নিজ বাসায় শয্যাশায়ী অবস্থায় রয়েছেন এই অভিনেতা। তার স্ত্রী সাবিনা হেলেন জানান, খাদ্যনালির ক্যান্সারে আক্রান্ত তপন। গত বছরের ডিসেম্বরে তার এই রোগ ধরা পড়ে। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জানান, ক্যান্সারটি ইতিমধ্যে চতুর্থ স্টেজে পৌঁছে গেছে। এখন পর্যন্ত তাকে তিনটি কেমোথেরাপি দেয়া হয়েছে। তিনি আরও বলেন, তপন কিছুই খেতে পারেন না। বমি হয় আর সারা দিন শুয়ে থাকেন। এদিকে, ক্যান্সারের মতো রোগের ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে আর্থিকভাবেও ভেঙে পড়েছে পরিবার।

সাবিনা হেলেন জানান, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি) ভর্তি করানোর চেষ্টা করা হলেও শয্যা না থাকায় তা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে অনেক টাকা লাগে। সেই সামর্থ্য আমাদের নেই। তাই সরকারি হাসপাতালে ভর্তি করাতে চেয়েছিলাম। সেটাও হলো না। তার চিকিৎসা প্রায় বন্ধ এখন। আমরা সরকারের সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে সবার কাছে সাহায্যের আবেদন করছি। একসময় নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন। বিশেষ করে কমেডি চরিত্রে তার অভিনয় দর্শকের কাছেও প্রশংসিত হয়েছে। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’। আর টেলিভিশন নাটকের মধ্যে উল্লেখযোগ্য ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন