গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)-এর প্রফেসর এবং প্রখ্যাত ক্রপ বোটানিস্ট ড. মো. আব্দুল বাছেত মিয়ার ফসলের ভ্রূণবিদ্যার ওপর রচিত ‘এ টেক্সট বুক অব এমব্রায়োলজি অ্যান্ড রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অব ক্রপ প্ল্যান্টস” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। মঙ্গলবার গাকৃবি’র কেন্দ্রীয় লাইব্রেরির অডিও-ভিজ্যুয়াল কক্ষে অনুষ্ঠিত হয় এ মোড়ক উন্মোচন ও অনুদান প্রদান কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় লাইব্রেরির প্রধান প্রফেসর ড. মো. ইউনুছ মিয়া। অনুষ্ঠানে গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, বইটির প্রকাশক ‘সামস রসায়ন পাবলিকেশন্স’ এর কর্ণধার ড. মোহাম্মদ মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নূরুল ইসলাম এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোসা. সালমা পারভিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বইটির শুভ মোড়ক উন্মোচন করেন।
লেখক ড. বাছেত মিয়া কৃষি বিপ্লবে তার গ্রন্থের ভূমিকাসহ সারসংক্ষেপ উপস্থাপন করেন এবং গবেষণাভিত্তিক এ বইটি রচনার পেছনের অভিজ্ঞতা ও প্রেরণার কথা তুলে ধরেন যা উপস্থিত সকলের মধ্যে এক অনুপ্রেরণার আবহ সৃষ্টি করে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বইটির লেখককে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘কৃষি শিক্ষাকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে এ ধরনের মৌলিক পাঠ্যগ্রন্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, এ বইটি শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি মূল্যবান দিকনির্দেশনা হিসেবে কাজ করবে এবং কৃষিবিজ্ঞানের জ্ঞানভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে।
