বাসাইলে ব্যবসায়ীকে অপহরণের ১৬ ঘণ্টা পর উদ্ধার, আটক ১

বাসাইলে ব্যবসায়ীকে অপহরণের ১৬ ঘণ্টা পর উদ্ধার, আটক ১

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের বাসাইলে অপহরণের ১৬ ঘণ্টা পর এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গোপন সংবাদে গতকাল ভোরে অপহরণকারী দলের প্রধান সোহাগকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এর আগে গত ১৬ই এপ্রিল ওই ব্যবসায়ীকে বাসাইলের হাবলা এলাকা থেকে আটক করা হয়। পরে গত ১৭ই এপ্রিল ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। অপহৃত ব্যবসায়ী মো. মুরাদ হোসেন খান উপজেলার হাবলা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তবে ব্যবসায়িক কারণে দীর্ঘদিন যাবৎ তিনি টাঙ্গাইল শহরে অবস্থান করে আসছেন।

অভিযুক্ত সোহাগ হাবলা উত্তরপাড়ার আবু সাঈদ কালুর ছেলে। বাসাইল থানার মামলা সূত্রে জানা যায়, গত ১৬ই এপ্রিল ব্যবসায়ী মুরাদ মামার জানাজায় অংশ নেয়ার জন্য নিজ গ্রাম হাবলা যান। পরে মুরাদ দুপুরের দিকে বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে আসলে এ সময় ৫/৬ জনের সংঘবদ্ধ একটি দল প্রাইভেটকার নিয়ে মুরাদের পথ রোধ করে এবং তাকে গালিগালাজ করে গাড়িতে উঠতে বলে। পরে জোরপূর্বক তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় অপহরণকারী চক্র।

পরে মুরাদের ফোন থেকে তার স্ত্রীকে কল করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়। পরে বিষয়টি মুরাদের স্ত্রী বাসাইল থানাকে অবহিত করলে থানা পুলিশ ১৭ই এপ্রিল মুরাদকে দেলদুয়ার উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে। বাসাইল থানার ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল ইসলাম অপহরণকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতকে কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকি জড়িতদের ধরতে অভিযান চলছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন