উচ্চশিক্ষাকে আরও বাস্তবমুখী, যুগোপযোগী ও বৈশ্বিক মানসম্পন্ন করার প্রত্যয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনাল (সিএবিআই) একাডেমির কোর্সসমূহকে বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের সঙ্গে অন্তর্ভুক্তিকরণের উদ্যোগের অংশ হিসেবে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গাকৃবি’র একাডেমিক কাউন্সিল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য শিক্ষাকে কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সমস্যা সমাধানে সক্ষম, দক্ষ ও মানবিক পেশাজীবী তৈরি করা। সিএবিআই একাডেমিক কোর্সের বিশেষ বৈশিষ্ট্য হলো-আন্তর্জাতিক মানের কনটেন্ট, বাস্তব সমস্যাভিত্তিক শিক্ষা, অনলাইন ও স্বশিক্ষণ সুবিধা, স্বীকৃত সার্টিফিকেট প্রদান এবং কৃষি ও পরিবেশ খাতে কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক যা শিক্ষার্থীদের জন্য শেখার এক অনন্য প্ল্যাটফরম। সভায় সভাপতিত্ব করেন গাকৃবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, সিএবিআই বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ড. মো. সালেহ আহমেদ এবং সিএবিআই’র ডিজিটাল টুলস ইউজ এর গ্লোবাল লিড ড. মালবিকা চৌধুরী। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ এবং সিএবিআই’র সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ড. সালেহ আহমেদ সিএবিআই’র বৈশ্বিক কার্যক্রম ও শিক্ষামুখী উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পরবর্তীতে ড. মালবিকা চৌধুরী সিএবিআই একাডেমি ও ডিজিটাল লার্নিং কোর্সসমূহের ওপর একটি তথ্যবহুল ও সচিত্র উপস্থাপনা প্রদান করেন, যা উপস্থিত সকলকে আধুনিক শিক্ষার নতুন সম্ভাবনার সঙ্গে পরিচিত করে। পরে ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা পর্বে মূলত আলোচিত হয় কীভাবে সিএবিআই’র আধুনিক, গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোর্সসমূহ গাকৃবি’র শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা যায়, যাতে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করতে পারে। ফলপ্রসূ এই আলোচনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের কারিকুলাম অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত সম্মতি প্রদান করেন। এসময় সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন-বর্তমান বিশ্বে কেবল ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তব দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাশক্তি। সিএবিআই’র মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় আমাদের শিক্ষার্থীদের সেই সক্ষমতা অর্জনে সহায়তা করবে এবং দেশের কৃষি ও পরিবেশ খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।
গাকৃবিতে আন্তর্জাতিক কোর্স অন্তর্ভুক্তির উদ্যোগ
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২২ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
