ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া যুবকের লাশের পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার রাত তিনটার দিকে শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেন থেকে লাশটি উদ্ধার করে শ্রীনগর ফায়ার সার্ভিস। পরে তা হাঁসাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাস্তায় গাড়ির ধাক্কায় এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এমন সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের আনুমানিক বয়স প্রায় ৩০ বছর। হাঁসাড়া হাইওয়ে থানার এসআই নুর মোহাম্মদ জানান, কেউ নিহত যুবকের সন্ধান না করায় ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়। কিন্তু তাতেও কোনো পরিচয় মেলেনি। লাশটি ঢাকা মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, এত রাতে এক্সপ্রেসওয়েতে সাধারণত কোনো পথচারী পারাপার হয় না। এই যুবক রাস্তা পার হচ্ছিল নাকি অন্য কেউ তাকে উদ্দেশ্যমূলকভাবে দুর্ঘটনায় ফেলেছে তা বোঝা যাচ্ছে না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন