যশোরের অভয়নগরে পুষ্পল কবিরাজ নামে এক ব্যবসায়ীর সার ও কীটনাশকের দোকান থেকে এক হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে মজুতকারী ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত সোমবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। মজুতকারী ব্যবসায়ী পুষ্পল উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী গ্রামের অমর কবিরাজের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান- গোপন তথ্যের ভিত্তিতে গত সোমবার রাত ১১টার দিকে সুন্দলী ইউনিয়ন পরিষদের সামনে পুষ্পল কবিরাজের সার ও কীটনাশকের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের ভেতরে মজুত করা প্রায় ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযুক্ত ব্যবসায়ীকে জরিমানার আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু বলেন- দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করায় পেট্রোলিয়াম আইনে পুষ্পল কবিরাজ নামে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। উদ্ধার করা জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
সারের দোকানে মিললো হাজার লিটার জ্বালানি তেল
অভয়নগর (যশোর) প্রতিনিধি
২২ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
