আবার নিয়মিত ঢাকা ফ্লাইট চালু করছে কুয়েত এয়ারওয়েজ। এই ফ্লাইট সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে পরিচালিত হবে। বিমান সংস্থাটি এ ঘোষণা দিয়েছে বলে খবর দিয়েছে কুয়েতের অনলাইন দ্য টাইমস। এতে বলা হয়, এই কার্যক্রম ২৪ এপ্রিল থেকে শুরু হবে। সপ্তাহে দুটি ফ্লাইট চলবে। সাময়িক ব্যবস্থার অংশ হিসেবে যাত্রীদের নুয়াইসিব সীমান্ত দিয়ে স্থলপথে স্থানান্তর করা হবে। এয়ারলাইনটি জানিয়েছে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির মধ্যে তাদের রুট নেটওয়ার্ক সম্প্রসারণের প্রচেষ্টার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্প্রতি তারা লন্ডন, কায়রো, ইস্তাম্বুল, লাহোর, আম্মান, মুম্বই, দিল্লি, আহমেদাবাদ, কোচি, চেন্নাই, ম্যানিলা, প্যারিস ও কলম্বোর মতো গন্তব্য যুক্ত করেছে।
এর ফলে এখন কুয়েত এয়ারওয়েজের নেটওয়ার্কে মোট ১৪টি গন্তব্য রয়েছে। সংস্থার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন আবদুল ওয়াহাব আল-শাত্তি জানান, যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কারণে তারা ধীরে ধীরে গন্তব্য পুনরায় চালু ও সম্প্রসারণ করছেন। তিনি বলেন, যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে এয়ারলাইনটি দক্ষতার সঙ্গে কাজ করছে। বুকিং ও সেবার মান বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি আরও বলেন, ঢাকা রুট পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে যাত্রীদের উচ্চ চাহিদার কথা বিবেচনা করে। বিশেষ করে কুয়েত ও বাংলাদেশের মধ্যে ভ্রমণ চাহিদা অনেক বেশি। ভবিষ্যতে অপারেশনাল সক্ষমতা অনুযায়ী আরও নতুন গন্তব্য যুক্ত করা হবে বলেও জানান তিনি। এছাড়া কুয়েত এয়ারওয়েজ একটি নতুন সেবা চালু করেছে। এর মাধ্যমে যাত্রীরা সৌদি আরবের ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে এ জন্য তাদের কুয়েত এয়ারওয়েজের নিশ্চিত বুকিং থাকতে হবে। আল-শাত্তি বলেন, বিমান সংস্থাটি কুয়েত ও আন্তর্জাতিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সর্বোত্তম অপারেশন নিশ্চিত করছে। সব পরিস্থিতিতেই যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।
