ইরানের একটি কার্গো জাহাজ জব্দ করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। অবরোধ ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টাকালে জাহাজটি জব্দ করা হয়। এর পরিপ্রেক্ষিতে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে তেহরান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন নৌবাহিনী উপসাগরে একটি ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে। তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘‘তৌসকা’ নামের জাহাজটিকে থামার নির্দেশ দিলে সেটি তা অমান্য করে। তাই জাহাজটিকে জব্দ করা হয়।’
এদিকে মঙ্গলবার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্র আলোচনার দ্বিতীয় ধাপ শুরু করতে চেয়েছিল, কিন্তু ইরান তাতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।
এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির নেপথ্যে থাকা দীর্ঘ কয়েক সপ্তাহের নৌ-অবরোধ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে রেখেছে, অন্যদিকে ইরানও হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের ওপর তাদের অবরোধ তুলে নেওয়ার পর পুনরায় তা কার্যকর করেছে।
