সদ্য সমাপ্ত নির্বাচনের প্রচার কাজে ব্যবহৃত নিজের ব্যানার-পোস্টার অপসারণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনের ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিজ হাতে অপসারণ করেন। এ ব্যাপারে জামায়াতের ভেরিফাইড ফেসবুক পেজে ছবিসহ একটি পোস্ট বেশ ভাইরাল হয়।
সেই পোস্টে উল্লেখ করা হয়েছে, একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তুলতে শনিবার সন্ধ্যায় জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ঢাকা-১৫ আসন এলাকায় (মিরপুর-কাফরুল) নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিজ হাতে সরাচ্ছেন।
এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. শফিকুর রহমান তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকা সফর করেন এবং এলাকার মসজিদে আসর ও মাগরিবের নামাজ আদায় করেন। এ সময় তিনি সাধারণ মুসল্লি ও জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন ।
জামায়াত আমীর ঢাকা-১৫ আসনের উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে যে ওয়াদা করেছেন, তা বাস্তবায়নের প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেন। নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে সব বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণের আহ্বান জানিয়ে তিনি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে এবং জনগণের সমস্যা সমাধানে আমাদের সবাইকে আত্মনিয়োগ করতে হবে।
নানা বাধা-প্রতিবন্ধকতা ও হামলা উপেক্ষা করে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য তিনি ভোটার, জামায়াতের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। জনগণ তাকে নির্বাচিত করে যে বিরাট দায়িত্ব অর্পণ করেছেন, তা সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করার জন্য তিনি মহান আল্লাহর তাওফিক কামনা করেন। সেই সঙ্গে জনগণের সার্বিক সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমি দল-মতের ঊর্ধ্বে উঠে সবার খেদমত করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং গণভোট ও জাতীয় নির্বাচনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। জনগণের প্রত্যাশা বাস্তবায়নে দল সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলেও তিনি জানান। তিনি বলেন, জনগণ আমাদের ওপর যতটুকু দায়িত্ব দিয়েছে, সর্বোচ্চ দিয়ে তা পালন করব। দেশটা কারও কাছে ইজারা দেব না, কাউকে প্রভু মানব না, কারও দাসত্ব স্বীকার করব না।”
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের যতটুকু সুযোগ আছে, সবটুকু উজাড় করে দিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই। মানুষের অন্তরে জায়গা করে নিতে চাই।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমীর ও আসন পরিচালক আব্দুর রহমান মুসা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মাদ তসলিম ও কবির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, মিরপুর পূর্ব থানা আমীর ও আসন কমিটির সদস্যসচিব শাহ আলম তুহিন, ছাত্রশিবিরের ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি হাফেজ আবু তাহের, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আনোয়ারুল হক
৩ মাস আগেজামায়াতের আমির ডঃ শফিকুর রহমানের এই দৃষ্টান্ত অনুসরণ করে আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকা মহানগরকে সম্পূর্ণ নির্বাচনী ব্যানার ও পোস্টার মুক্ত করার জন্য সকল দলের নেতাকর্মীদের নিকট বিনীত অনুরোধ করছি।