বৃষ্টিতে পণ্ড হতে পারে ম্যাচ

ফন্ট সাইজ:

শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের কারণে সন্ধ্যায় কলম্বোতে হতে যাওয়া ম্যাচটিতে বৃষ্টি বাগড়া দিতে পারে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ও বাংলাদেশি সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা ম্যাচটির। বিভিন্ন আবহাওয়া মডেলের ইঙ্গিত, ম্যাচ শুরুর আগে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে টস বিলম্বিত হওয়া অথবা খেলার দৈর্ঘ্য ছোট হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও পূর্বাভাসে বলা হয়েছে, রাত ৮টার পর আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে। তবে রাতভর বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। খুশির খবর হচ্ছে, প্রেমাদাসা স্টেডিয়ামের পানিনিষ্কাশনের ব্যবস্থা অত্যাধুনিক। বিশেষ করে, কলম্বোর প্রশিক্ষিত গ্রাউন্ড স্টাফ উষ্ণ ও প্রবল বর্ষণ সামাল দিতে বেশ সুপরিচিত। অধিকাংশ আন্তর্জাতিক ভেন্যুতে যেখানে শুধু পিচ ঢেকে রাখে, সেখানে প্রেমাদাসায় রয়েছে পুরো মাঠ ঢেকে রাখার মতো পর্যাপ্ত কভার। এ কারণে আউটফিল্ডে পানি জমার সম্ভাবনা অনেকটাই কমে যায়। অবশ্য এখন পর্যন্ত বিশ্বকাপে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়া কোনো ম্যাচেই আবহাওয়ার কারণে ব্যাহত হয়নি। শ্রীলঙ্কা-ওমান ম্যাচে শঙ্কা থাকলেও, ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর বৃষ্টির আগমন ঘটে। বর্তমানে গ্রুপ ‘এ’-তে ভারত ও পাকিস্তান দু’দলেরই সংগ্রহ ২ ম্যাচে ৪ পয়েন্ট করে। তবে নেট রানরেটে (৩.০৫০) এগিয়ে শীর্ষে ভারত, পাকিস্তানের ০.৯৩২। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে আজকের হাইভোল্টেজ ম্যাচটি পরিত্যক্ত হলে উভয় দলই এক পয়েন্ট করে পাবে। কেননা, গ্রুপ পর্বের ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে নেই।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন