মাত্র ছয় বছর আগে প্রথমবার টিভি নাটকে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘একটাই আমার তুমি’ শিরোনামের সে নাটকে ১০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। যদিও ক্যারিয়ারের প্রথম নাটকে আফরান নিশোর বিপরীতে অভিনয় করতে গিয়ে তিনি উপলব্ধি করেছিলেন, অভিনয় তার জন্য নয়। অভিনয়ের জন্য অনেক কষ্ট করতে হয়, সবকিছু ভুলে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হয়। অভিজ্ঞতা না থাকায় হাল ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে কেয়া পায়েল প্রতিজ্ঞা করেছিলেন নিজের কাছে, ‘আর কখনো অভিনয় নয়’।
তবে ভাগ্যের পরিক্রমায় পরবর্তীতে তিনি আবার অভিনয় করেন এবং মাত্র ছয় বছরের ব্যবধানে এখন কেয়া পায়েল প্রায় ৪০০’র বেশি নাটকে অভিনয় করেছেন। যার মধ্যে প্রায় ১০০টির বেশি নাটক পেয়েছে ১ কোটি ভিউ। শুধু তাই নয়, মিডিয়াপাড়ায় কথিত আছে, এ মুহূর্তে নাটকের অভিনেত্রীদের মধ্যে কেয়া পায়েলই অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া অভিনেত্রী। শোনা যায়, কেয়া পায়েলের জন্য নাটকের নির্মাতাদের বাজেট গুনতে হয় প্রায় দেড় লাখ টাকা। কেয়া পায়েলের জীবনের এসব অজানা অনেক গল্প বলেছেন গতকাল রাতে মাছরাঙা টিভিতে প্রচার হওয়া পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’তে। কেয়া পায়েল বলেন, শুরু থেকেই আমি বিশ্বাস করেছি, আমি যদি ভালো কাজ করে অভিনয়ে মনোযোগ দেই, একদিন টাকা আমার পেছনে ছুটবে। আর টাকার পেছনে ছুটলে অচিরেই হারিয়ে যাবো। আমি এত সহজে হারিয়ে যেতে রাজি নই।
