হালান্দের হ্যাটট্রিক নাকি নতুনের বাজিমাত

গোল্ডেন বুটের লড়াই

হালান্দের হ্যাটট্রিক নাকি নতুনের বাজিমাত

ফন্ট সাইজ:

মাঝপথে ইংলিশ প্রিমিয়ার লীগের ২০২৫-২৬ মৌসুম। মাঠের লড়াইয়ের পাশাপাশি ফুটবলপ্রেমীদের নজর টুর্নামেন্টের ‘গোল্ডেন বুট’ পুরস্কারের দিকে। সিজন শেষে কার দখলে যাবে সর্বোচ্চ গোলের মুকুট? এই লড়াই বেশ জমে উঠেছে। ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আরলিং হালান্দ টানা চার মৌসুমে নিজের তৃতীয় গোল্ডেন বুট জয়ের পথে আছেন। ২২ গোল নিয়ে তিনি তালিকার সবার উপরে তিনি। মাঝে টানা সাত ম্যাচে একবার লক্ষ্যভেদ করেন হালান্দ। তবে শেষ দুই ম্যাচে ২ গোল করে আবারো চেনা ছন্দে ফিরেছেন তিনি। প্রতি ৯৭.৫ মিনিটে গড়ে একটি করে গোল করছেন এই স্ট্রাইকার। যদিও নিজের করা এক মৌসুমে ৩৬ গোলের রেকর্ড ভাঙা এবার কঠিন, তবে গোল্ডেন বুটের দৌড়ে তিনিই এখন সবচেয়ে বড় দাবিদার।
চারবার করে এই পুরস্কার জিতে রেকর্ডের চূড়ায় আছেন থিয়েরি অঁরি ও মোহাম্মদ সালাহ। অ্যালান শিয়ারার, দিদিয়ের দ্রগবা কিংবা আগুয়েরোদের উত্তরসূরি হওয়ার পথে হালান্দকে কড়া টক্কর দিচ্ছেন ব্রেন্টফোর্ডের ব্রাজিলিয়ান সেনসেশন ইগর থিয়াগো। ১৭ গোল নিয়ে তিনি আছেন তালিকার দ্বিতীয় স্থানে। লড়াইয়ে থাকা বাকিদের কেউই আগে কখনো গোল্ডেন বুট জেতেননি। থিয়াগোর ১৭ গোলের মধ্যে ৬টিই এসেছে পেনাল্টি থেকে।
অন্যদিকে, ম্যানচেস্টার সিটির আন্তোনি সেমেনিয়ো ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। মোট ১৩ গোলের মধ্যে ১০টিই তিনি করেছেন সাবেক ক্লাব বোর্নমাউথের হয়ে। সিটিতে যোগ দেয়ার পর প্রথম ৫ ম্যাচে ৩ গোল করে তিনি নিজের সতীর্থ হালান্দকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। গত পাঁচ ম্যাচে সবচেয়ে বেশি গোল করে আলোচনায় চেলসির কোল পালমার ও জোয়াও পেদ্রো। এই দুই চেলসি তারকা গত পাঁচ সপ্তাহ মিলে ৯টি গোল করেন। পালমারের ৫ গোলের মধ্যে ৪ গোল এসেছে পেনাল্টি থেকে।
চেলসির নতুন কোচ লিয়াম রোজেনিওর এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মাইকেল ক্যারিক-এই দুই কোচের ট্যাকটিক্যাল পরিবর্তন গোলদাতার তালিকায় বড় প্রভাব ফেলেছে। রোজেনিওর চেলসিতে জোয়াও পেদ্রোকে ‘নাম্বার নাইন’ হিসেবে খেলাচ্ছেন, আর পেদ্রোও তার প্রতিদান দিচ্ছেন দুর্দান্তভাবে। অন্যদিকে, ব্রায়ান এমবিউমোকে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে খেলিয়ে বাজিমাত করেছেন ক্যারিক। ইউনাইটেডের হয়ে এমবিউমো সিটি, আর্সেনাল ও টটেনহ্যামের মতো বড় দলগুলোর বিপক্ষে গোল করে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।
মৌসুম যত শেষের দিকে যাবে, গোল্ডেন বুটের এই লড়াই ততই রোমাঞ্চ ছড়াবে। শেষ পর্যন্ত হালান্দ তার শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারেন নাকি নতুন কোনো মুখ প্রিমিয়ার লীগের গোল্ডেন বুট জিতে নেন, সেটাই এখন দেখার বিষয়।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন