ইংলিশ প্রিমিয়ার লীগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচের পর কড়া ভাষায় রেফারির সমালোচনা করেন রদ্রি। ২-২ গোলে ড্রয়ের দিন রেফারি রবার্ট জোনস ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকে (ভিএআর) নিয়ে তিনি প্রকাশ্যে দাবি করে, ‘তারা আমাদের জিততে দিতে চায় না।’ এমন মন্তব্যের কারণেই শাস্তির মুখে পড়তে যাচ্ছেন রদ্রি। শাস্তির ধরন নিশ্চিত না হলেও, ধারণা করা হচ্ছে নিষেধাজ্ঞা পেতে পারেন সিটিজেন মিডফিল্ডার। ঘটনাটি গত পহেলা ফেব্রুয়ারি। হাইভোল্টেজ ম্যাচটিতে স্পার্সদের মাঠে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গেলেও, বিরতির পর দুই গোল খেয়ে পয়েন্ট হারায় সিটি। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করা ডমিনিক সোলাঙ্কির প্রথম গোলের সময়ের একটি ঘটনা নিয়ে রেফারিকে এক হাত নেন রদ্রি।
টিভি রিপ্লেতে দেখা যায়, সিটি তারকা মার্ক গেয়ির পায়ের পেছনে লাথি মেরে গোলটি করেন সোলাঙ্কি। সেই প্রসঙ্গে টেনে ম্যাচের পর রদ্রি বলেন, ‘আমি জানি, আমরা অনেক জিতেছি, তাই লোকে চায় না আমরা আর জিতি। তবে রেফারিকে নিরপেক্ষ থাকবে হবে।’ স্প্যানিশ তারকা আরও বলেন, ‘সত্যি বলতে, আমি রেফারিকে নিয়ে কখনওই কথা বলি না। তাদের কাজকে অনেক শ্রদ্ধা করি। তবে তাদের এদিকগুলোতে মনোযোগ দিতে হবে।’
রদ্রির এমন মন্তব্য ভালোভাবে নেয়নি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। স্প্যানিশ মিডফিল্ডারের বিপক্ষে ‘অসদাচরণ’-এর অভিযোগ এনে তারা বলে, ‘ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে রদ্রি অনুপযুক্ত আচরণ করেন এবং এমন কিছু মন্তব্য করেন, যা রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এবং একজন ম্যাচ অফিসিয়ালের সততা নিয়ে প্রশ্ন তোলে।’
রেফারিকে খুঁচিয়ে শাস্তি পাচ্ছেন রদ্রি
স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
