নিখোঁজের এক সপ্তাহ পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার, সন্দেহ পরকীয়া প্রেমিকাকে

ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিখোঁজের এক সপ্তাহ পর সাফায়েত হোসেন শিমুল (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালা নদীর ধার পাড়া সংলগ্ন ভৈরব নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিমুল উপজেলার ধোপাখালী মাঠপাড়ার মৃত খলিলুর রহমানে ছেলে, পেশায় কৃষক ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৭ই ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে শিমুল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব নদীর তীরে মাঠে কাজ করার সময় স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে আশপাশের লোকজন ও পরিবারকে জানান। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শিমুলের বলে শনাক্ত করেন। নিহতের স্ত্রী জুঁই খাতুন দাবি করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, শিমুলের সঙ্গে একই গ্রামের গৃহবধূর পরকীয়া সম্পর্ক ছিল এবং এ নিয়ে পূর্বে পারিবারিক ও সামাজিকভাবে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে আগেও থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল বলে তারা জানান। জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিয়মিত মামলা দায়ের হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সন্দেহজনক কোনো তথ্য পাওয়া গেলে তদন্তের পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন