চট্টগ্রাম প্রেস ক্লাবে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক অপসারণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটি। একইসঙ্গে উদ্ধার হওয়া নামফলকটি আগের স্থানে যথাযথভাবে পুনঃস্থাপন করা হবে বলেও জানানো হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৬-২০২৭ সেশনের জন্য দায়িত্ব গ্রহণের পর বর্তমান কমিটি জানতে পারে যে, ১৯৭৮ সালের ২৪শে ফেব্রুয়ারি তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম প্রেস ক্লাবের অডিটোরিয়াম ও ইনডোর স্টেডিয়াম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সে সময় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেকসহ বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানটির আলোকচিত্র ধারণ করেন তৎকালীন সাংবাদিক ও পরবর্তীতে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওসমান গনি মনসুর। বক্তব্যে আরও উল্লেখ করা হয়, ওই ভিত্তিপ্রস্তর ফলকটি দীর্ঘদিন ক্লাবের সামনের দেয়ালে স্থাপিত ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সফরের সময় ফলকটি সরিয়ে ফেলা হয় বলে জানা যায়। পরবর্তীতে এর অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
বর্তমান কমিটির দাবি, গত ৫ই ফেব্রুয়ারি প্রেস ক্লাবের আন্ডারগ্রাউন্ড গুদামঘর পরিদর্শনের সময় নোংরা পরিবেশে পড়ে থাকা অবস্থায় ফলকটি উদ্ধার করা হয়। পরে সেটি পরিষ্কার করে ক্লাব কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, ঐতিহাসিক এ নিদর্শন অপসারণের সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এটি সরানো হয়েছিল, তা নির্ধারণে প্রয়োজনীয় তদন্ত হওয়া উচিত। আইন অনুযায়ী, কোনো ভিত্তিপ্রস্তর বা স্থাপনার ফলক সরিয়ে ফেলা, ভাঙচুর বা বিকৃত করা দণ্ডনীয় অপরাধ- যার জন্য কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে বলেও উল্লেখ করা হয়। নেতৃবৃন্দ আরও বলেন, জিয়াউর রহমান মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী ছিলেন এবং সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। প্রেস ক্লাবের উন্নয়নেও তার আর্থিক সহায়তার কথা তুলে ধরা হয়। একই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়েও প্রেস ক্লাবের উন্নয়নে অনুদান দেয়া হয়েছিল বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত ও ওসমান গনি মনসুর, সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। প্রেস ক্লাবের বর্তমান কমিটি জানিয়েছে, ঐতিহাসিক এই নামফলক দ্রুত আগের স্থানে পুনঃস্থাপন করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।
চট্টগ্রাম প্রেস ক্লাবে জিয়ার নামফলক অপসারণের অভিযোগ আইনি পদক্ষেপের ঘোষণা
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৫ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
