কুষ্টিয়ায় ভোট পুনর্গণনার দাবিতে বিএনপি’র বিক্ষোভ

কুষ্টিয়ায় ভোট পুনর্গণনার দাবিতে বিএনপি’র বিক্ষোভ

ফন্ট সাইজ:

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলাফল স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে দলটি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কুমারখালী ও খোকসা উপজেলার কয়েক হাজার নেতাকর্মী কালেক্টরেট চত্বরে জড়ো হন। সেখানে তারা অভিযোগ করেন, জামায়াত কর্মীদের মব সৃষ্টি, ভুল ফলাফল প্রকাশ, ভোট গণনার আগে স্বাক্ষর নেয়া এবং গণনায় কারচুপির মাধ্যমে ফল পরিবর্তন করা হয়েছে। অবিলম্বে ফলাফল স্থগিত করে পুনর্গণনার দাবি জানিয়ে দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেন বিএনপি’র প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী। সমাবেশে উপস্থিত ছিলেন-খোকসা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, কুমারখালী উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নওয়াব আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এস এম শাতিল মাহমুদ, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার সামছুজ্জোহা জাহিদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ব্যাপারে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। উল্লেখ, কুষ্টিয়া-৪ আসনে ৭ হাজার ৬৩০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী (দাঁড়িপাল্লা প্রতীক) মো. আফজাল হোসেন। তিনি ১ লাখ ৪৬ হাজার ২শ’ ৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি’র সৈয়দ মেহেদী আহমেদ রুমী পান ১ লাখ ৩৮ হাজার ৫শ’ ৭৪ ভোট। এ আসেন মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৪ হাজার ৪শ’ ১৬ ভোট। মোট ভোটকেন্দ্র ১৫২টি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন