রাজধানীর মোহাম্মদপুরে ফের খুনের ঘটনা ঘটেছে। আসাদুল হক ওরফে লম্বু আসাদুল (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের সাদেক খান ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় রাত পৌনে ১টার দিকে আসাদুলকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আসাদুল মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। তিনি জলিল সরদারের সন্তান। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। নিহত আসাদুলের বিরুদ্ধে মাদক, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত কমিশনার ফজলুল করিম গণমাধ্যমকে বলেন, বুধবার রাত ১২টার পর আসাদুল তার সহযোগীদের সঙ্গে রায়ের বাজারের সাদেক খান ইটখোলা এলাকায় যান। একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় তার সহযোগীরাই তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে গত ১২ই এপ্রিল মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে এলেক্স ইমন গ্রুপের মূল হোতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়।
