ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ এবং পাকিস্তান সুপার লীগের কারণে মূল দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই ঢাকায় পা রেখেছে নিউজিল্যান্ড দল। আইপিএল ও পিএসএলের ব্যস্ততায় কিউই শিবিরের আটজন নিয়মিত মুখ এই সফরে নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শুরু সকাল ১১ টায় । গত মাসে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামছেন স্বাগতিকরা। ওই সিরিজে দলের বোলার ও ব্যাটাররা দারুণ পারফর্ম করেছিলেন। তানজিদ হাসান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা প্রতিপক্ষকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছিলেন। এবার ঘরের মাঠেও সেই জয়ের ধারা অব্যাহত রাখার দারুণ সুযোগ রয়েছে। আগামী ম্যাচে কিউইদের বিপক্ষে মাঠে নামার আগে লক্ষ্যের কথা জানাতে দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘নিউজিল্যান্ড দলকে ছোট করে দেখার কোনো কিছুই নেই। পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করবো সর্বোচ্চ দিয়ে আমাদের পক্ষে রেজাল্ট আনতে। আমরা যদি সিরিজ জিততে পারি এটা আমাদের জন্য অনেক একটা বড় অর্জন হবে। যেহেতু আমাদের র্যাঙ্কিংয়ের একটা বিষয় আছে আর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজটা।’ তবে বাস্তাবতা হচ্ছে এই সিরিজ জিতলে টাইগারদের র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হবে না, তিন ম্যাচের সিরিজ জিতলে টাইগারদের বাড়বে শুধু রেটিং পয়েন্ট। কিন্তু সিরিজ হারলে অনেক ক্ষতি! কিউই ডাগআউটে চেনা মুখ হাতে গোনা। অধিনায়ক টম ল্যাথাম, উইল ইয়াং ও হেনরি নিকোলসের মতো কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে একঝাঁক নতুন মুখ নিয়ে দল সাজিয়েছেন কোচ রব ওয়াল্টার। সর্বশেষ সিরিজে খেলা আটজন সদস্য এই সফরে অনুপস্থিত। তবে ওয়াল্টার এই পরিস্থিতিকে ‘ইতিবাচক’ দৃষ্টিতেই দেখছেন। মূলত তরুণ ও নতুন ক্রিকেটারদের আন্তর্জাতিক চাপের সঙ্গে পরিচয় করিয়ে দেয়াই তার প্রধান লক্ষ্য। ডিন ফক্সক্রফট, ব্লেয়ার টিকনার, আদি অশোক এবং মোহাম্মদ আব্বাসের মতো তরুণদের জন্য এটি নিজেদের প্রমাণের বিশাল মঞ্চ। এছাড়া বাঁহাতি স্পিনার জেইডেন লেনক্সের ওপরও নজর থাকবে। সব মিলিয়ে ল্যাথামের নেতৃত্বে এই নতুন রূপের দলটি স্বাগতিকদের স্পিন ও পেস আক্রমণ কীভাবে সামলায়, সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে, বাংলাদেশের বোলিং লাইনআপ এখন আগের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময় ও শক্তিশালী। বিশেষ করে পেস বোলিং বিভাগ দারুণ ছন্দে রয়েছে। অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমানের সঙ্গে তাসকিন ও রানার গতির ঝড় প্রতিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। গতকাল দ্রুতগতির বাউন্সার দিয়ে রানা যেভাবে নজর কেড়েছেন, তাতে সফরকারীর ব্যাটারদের কঠিন পরীক্ষার মুখেই পড়তে হবে। পেসারদের পাশাপাশি স্পিন বিভাগেও যুক্ত হয়েছে নতুন মাত্রা। লেগ স্পিনার রিশাদ হোসেন দলে আসায় বোলিং বৈচিত্র্য বৃদ্ধি পেয়েছে। রিশাদের কব্জির ঘূর্ণি কিউই ব্যাটারদের ভালোই ভোগাতে পারে। সব মিলিয়ে একটি ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ নিয়েই মাঠে নামবে স্বাগতিক শিবির। ঘরের মাঠের চেনা পরিবেশ ও সমর্থকদের সমর্থন খেলোয়াড়দের অনুপ্রেরণা জোগাবে। এই শক্তি কাজে লাগিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশল নিয়ে মাঠে নামবেন অধিনায়ক।
বোলিংয়ে দুর্দান্ত অবস্থায় থাকলেও স্বাগতিকদের ব্যাটিং অর্ডারের মধ্যভাগ নিয়ে দুশ্চিন্তা রয়েছে। আফিফ হোসেন ও মিরাজের ভূমিকা নিয়ে অস্পষ্টতা কাটেনি। এছাড়া সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের ব্যাটেও বড় রানের দেখা নেই কিছুদিন ধরে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নাজমুল হোসেন শান্তর সাম্প্রতিক ফর্ম নিয়ে। একসময়ের ফর্মের তুঙ্গে থাকা শান্তর ব্যাটে এখন রান খরা। দীর্ঘ সময় ওয়ানডেতে নেই কোনো হাফ সেঞ্চুরি। অথচ এই বাঁহাতি ব্যাটার এক পঞ্জিকাবর্ষে দেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন। দলের দীর্ঘমেয়াদি নেতা হিসেবে তার ওপর টিম ম্যানেজমেন্টের অগাধ আস্থা রয়েছে। তাই দ্রুতই তাকে চেনা ছন্দে ফিরতে হবে। শান্তর ব্যাটে রান ফেরাটা দলের জন্য অত্যন্ত জরুরি। মিডল অর্ডারের দুর্বলতা কাটিয়ে উঠতে ব্যাটারদের আজ দায়িত্ব নিতেই হবে। ম্যাচের পিচ এবং আবহাওয়া নিয়েও চলছে নানা জল্পনা। মিরপুরের উইকেট সাধারণত ধীরগতির হলেও সম্প্রতি সেখানে গতির ঝলক দেখা গেছে। আজ তীব্র তাপদাহের পূর্বাভাস রয়েছে। সকালে খেলা শুরু হওয়ায় কড়া রোদ পিচকে আরও শুষ্ক করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবার বিকালের দিকে বজ্রসহ ভারী বৃষ্টিরও প্রবল শঙ্কা আছে। এমন কঠিন এবং বৈরী কন্ডিশনে কিউই অধিনায়কের হারানো ফর্ম ফিরে পাওয়াও এক বড় চ্যালেঞ্জ রয়েছে। তাই বলা যায়, চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে ওয়ানডেতে তার কোনো বড় ইনিংস নেই। দুই দলের জন্যই আজ বড় এক পরীক্ষা।
প্রথম ওয়ানডে শুরু বেলা ১১টায়
‘তরুণ’ কিউইদের সামনে ‘রোরিং টাইগার্স’
স্পোর্টস রিপোর্টার
১৭ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
