যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় সমঝোতা হলে এবং নতুন করে সংঘাত এড়ানো সম্ভব হলে, ইরান হরমুজ প্রণালির ওমান অংশ দিয়ে জাহাজগুলোকে আক্রমণের ঝুঁকি ছাড়াই অবাধে চলাচলের সুযোগ দেয়ার প্রস্তাব বিবেচনা করতে পারে। তেহরান সংশ্লিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরানের যুদ্ধের কারণে প্রণালিটি দিয়ে চলাচলে বিঘ্ন ঘটায় বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে ইতিহাসের সবচেয়ে বড় ব্যাঘাত তৈরি হয়েছে। এই পথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবাহিত হয়। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলে শত শত তেলবাহী জাহাজ ও অন্যান্য নৌযান এবং প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়ে আছেন। সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি জানান, ইরান ওমানের জলসীমার ভেতরে প্রণালির অন্য পাশ ব্যবহার করে জাহাজ চলাচল করতে দিতে পারে, যেখানে তেহরানের পক্ষ থেকে কোনো বাধা থাকবে না। তবে ইরান ওই জলসীমায় স্থাপন করা সম্ভাব্য মাইন অপসারণে সম্মত হবে কি না, বা ইসরাইল সংশ্লিষ্ট জাহাজসহ সব জাহাজকে অবাধে চলাচলের অনুমতি দেয়া হবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি। সূত্রটি আরও জানায়, এই প্রস্তাব বাস্তবায়ন নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। ওয়াশিংটন তেহরানের শর্তগুলো মানতে প্রস্তুত কি না, সেটিই সম্ভাব্য কোনো অগ্রগতির মূল শর্ত। এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
হরমুজ প্রণালির ওমান অংশে জাহাজ চলাচল নিরাপদ করতে পারে ইরান
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৩ মাস আগে
১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬, ৯ঃ৩৩ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
