পুঁজি ছিল মাত্র ১১৫ রানের। লঙ্কানদের শক্তিমত্তার বিচারে এই লক্ষ্য খুব একটা কঠিন মনে হচ্ছিল না। তবে ব্যাংককের মাঠে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আর দুর্দান্ত নিবেদন শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিলো। নারী এশিয়া কাপ রাইজিং স্টারস-এ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে ৪ রানে হারালো বাংলাদেশ নারী ‘এ’ দল।
ব্যাংককে আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা আশা জাগানিয়া হলেও মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ পাওয়া হয়নি টাইগ্রেসদের। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯ ওভার ৫ বলে ১১৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। লঙ্কান বোলারদের তোপে কোনো ব্যাটারই ইনিংস বড় করতে পারেননি।
১১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই বাংলাদেশি বোলারদের চাপের মুখে পড়ে শ্রীলঙ্কা। ছোট লক্ষ্য তাড়ায় লঙ্কানরা জয়ের খুব কাছে পৌঁছে গেলেও শেষ পর্যন্ত স্নায়ুচাপ ধরে রাখতে পারেনি। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১১ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। ৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
