ভক্তদের ধোঁয়াশায় রাখতে হলে কীভাবে রাখতে হয়, তা ভালো করেই জানেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। তিনি এবার নিজের জন্মদিন উদযাপন করলেন এমন এক আয়োজনে, যা দেখে অনেকেই ভেবেছেন- এটা কি সত্যিই জন্মদিন, নাকি বিয়ের অনুষ্ঠান? পুরো পার্টির থিম ছিল একেবারে ‘মায়ুন’ বা ‘মেহেদি’-ঘরানার বিয়েপূর্ব অনুষ্ঠানের মতো। ঝলমলে হলুদ সাজসজ্জা, নাচ-গান, কনের মতো সাজ, ঐতিহ্যবাহী মেকওভার- সব মিলিয়ে যেন এক প্রি-ওয়েডিং ফাংশন। এ নিয়ে অনলাইন জিও নিউজ ফলাও করে রিপোর্ট প্রকাশ করেছে। তাতে হানিয়া আমিরের এমন আয়োজন দেখে সবার মনে একটাই প্রশ্ন- এই আইডিয়া এলো কোথা থেকে? অনেকেই মনে করছেন, এটি ছিল অভিনেত্রীর সেই বহুদিনের গুঞ্জনের প্রতি একরকম রসিকতা। গায়ক অসিম আজহারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সেই গুজব ডালপালা ছড়িয়েছে। একসময় আলোচিত এই জুটি বহু প্রচারিত ‘ব্রেকআপ’-এর পর আলাদা পথে হাঁটেন। তবে কয়েক মাস আগে দীর্ঘ বিরতির পর দু’জনকেই আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে দেখা যায়।
ভক্তদের সন্দেহ বাড়তে থাকে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আয়োজনে একে অপরের পোস্টে তাদের উপস্থিতি ধরা পড়ে। গুঞ্জন আরও জোরালো হয় যখন বাগদত্তা মীরাব আলির সঙ্গে আসিম আজহারের সম্পর্কচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় একটাই আলোচনা- তারা কি আবার এক হয়েছেন, নাকি কেবল ভালো বন্ধু? এমনকি ‘শিগগিরই বিয়ে করছেন’- এমন কানাঘুষাও ছড়িয়ে পড়ে।
গুঞ্জন থামানোর বদলে বরং সেটিকেই মজার ছলে গ্রহণ করেন হানিয়া। নিজের প্রাণবন্ত ও দুষ্টু স্বভাবের জন্য পরিচিত এই তারকা ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে মন্তব্যে কথোপকথনে ‘গুজবের বিয়ে’ নিয়ে হাস্যরস করেন। এক পর্যায়ে তিনি মজার ছলে বলেন, এ বছর হয়তো বিয়ের থিমেই জন্মদিন পালন করবেন। তারপর শুক্রবার জন্মদিনের পরদিন, একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, উজ্জ্বল হলুদ পোশাকে কনের সাজে হানিয়া নাচছেন এক বিয়ের সেটআপে। সবচেয়ে বেশি নজর কাড়ে যে বিষয়টি তা হলো তার পাশে নাচতে দেখা যায় আসিমকে।
স্বাভাবিকভাবেই ইন্টারনেট ব্যবহারকারীরা বিভক্ত হয়ে যায়। এটা কি নিছক প্র্যাঙ্ক? কোনো পেশাদার শুটিং? নাকি সত্যিই কিছু ঘটছে? শনিবার হানিয়া নিজেই একটি বিস্তারিত ভিডিও শেয়ার করে অন্তত আংশিকভাবে জল্পনার ইতি টানেন। সেখানে দেখা যায়, তিনি ও তার ঘনিষ্ঠ বন্ধুরা মিলে এই ‘ওয়েডিং-থিমড’ জন্মদিন পার্টির প্রস্তুতি নিচ্ছেন। এতে স্পষ্ট হয়, পুরো আয়োজনটাই ছিল তার জন্মদিন উদযাপনের অংশ।
ভিডিওর কিছু অংশে অবশ্যই আসিমের উপস্থিতিও ছিল। এটি নিছক বুদ্ধিদীপ্ত ট্রোলিং, নির্দোষ আনন্দ, নাকি স্রেফ সৃজনশীল জন্মদিন পরিকল্পনা- যাই হোক না কেন, ‘মেরে হামসফর’-এর এই অভিনেত্রী আবারও ব্যক্তিগত উদযাপনকে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত করতে সক্ষম হয়েছেন।
ঘটনাটি নিয়ে ভক্তদের প্রতিক্রিয়াও ছিল বহুমাত্রিক। কেউ রোমান্টিক সম্ভাবনায় উচ্ছ্বসিত, কেউ আবার একে নিছক মজার আয়োজন বলেই মনে করছেন। তবে এক বিষয়ে সবাই একমত- হানিয়া আমির জানেন কীভাবে স্পটলাইট নিজের দিকে ধরে রাখতে হয়।
