কোচহীন দলের বিপক্ষে পিএসজির ‘লজ্জা’

কোচহীন দলের বিপক্ষে পিএসজির ‘লজ্জা’

ফন্ট সাইজ:

ইতিহাসগড়া মৌসুমের পর নতুন মৌসুমে খেই হারাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। জায়ান্টদের বিপক্ষে নামার আগে যেই রেনে সবশেষ পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখেনি, সেই রেনেই জয় তুলে নিলো ৩-১ গোলে। ক্লাবটি গত সপ্তাহেই বরখাস্ত করে তাদের কোচ হাবিব বেয়েকে। বর্তমানে কোনো স্থায়ী কোচও নেই দলটির। ম্যাচের পর হতাশা ঝড়ে পিএসজির কোচ লুইস এনরিকের কন্ঠে।
চ্যাম্পিয়নস লীগের প্লে অফ ম্যাচ সামনে রেখে লীগ ওয়ানের ম্যাচটি এগিয়ে আনে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেখানে মোনাকো ম্যাচের আগে পিএসজির প্রস্তুতির ম্যাচটি একদমই মনঃপুত হলো না। টানা সাত ম্যাচ জিতে এদিন রেনের মাঠে খেলতে যায় প্যারিসিয়ানরা। ম্যাচজুড়ে খাতা-কলমে আধিপত্য বিস্তার করে সফরকারী দলই। পুরো ম্যাচে ৬৯ শতাংশ বল নিজেদের পায়ে রাখা পিএসজি ১৭টি শটের মধ্যে লক্ষ্যে রাখে ৭টি। স্বাগতিক দলের ১৩টির মধ্যে লক্ষ্যে থাকে ৪টি শট। নিজেরা একাধিক সুযোগ হাতছাড়া করার সঙ্গে রেনের গোলকিপার ব্রিস সাম্বার কাছেই হার স্বীকার করতে হয় পিএসজির। একে একে ৬টি সেভ করে স্বাগতিকদের জয়ের অন্যতম নায়ক এ ফরাসি তারকা।

আক্রমন-প্রতি আক্রমণের মধ্যে ৩৪তম মিনিটে এগিয়ে যায় রেনে। ডান প্রান্ত থেকে গড়ে ওঠা আক্রমণকে গোলে পরিণত করেন মুসা আল-তামারি। বিরতির পর মাঠে ফিরে ৬৯তম মিনিটে কর্নার থেকে হেডে ব্যবধান বাড়ান এসতেবান লেপল। দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে লুইস এনরিকের শিষ্যরা। ৭১তম মিনিটে এক গোল শোধ করে ফেরার আভাস দেন উসমান দেম্বেলে। তবে ৮১তম মিনিটে প্রতি আক্রমণ থেকে ব্রিল এমবোলোর গোলে সফরকারীদের আশা চূর্ণ হয়ে যায়।

ম্যাচ শেষে পিএসজি বস এনরিকে বলেন, ‘আমরা হতাশ, আমাদের উন্নতি করতে হবে। কেননা, এই ফলাফল দলের আত্মবিশ্বাসে সামান্য হলেও ভাটা ফেলে। এবং প্রতিপক্ষ মনে করে তারা (আমাদের বিপক্ষে) জিততে পারে, যা আমাদের জন্য বিষয়টিকে আরও কঠিন করে তোলে।‘ গত মৌসুমের কথা মনে করিয়ে দিয়ে ব্যালন ডি‘অরজয়ী দেম্বেলে বলেন, ‘গত মৌসুমের কথা মনে করিয়ে দিয়ে দেম্বেলে বলেন, ‘গত বছর আমরা নিজেদের আগে ক্লাবকে রেখেছিলাম। আমাদের সেটিই আবার করতে হবে। এখন মৌসুমের দ্বিতীয় ভাগ চলছে।‘

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন