বিগত বছরের মতো এবারো হতে যাচ্ছে হাজারো কণ্ঠে বর্ষবরণ। চ্যানেল আই এবং সুরের ধারার যৌথ আয়োজনে আজ পহেলা বৈশাখ ভোর ৫টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত বাংলা গানের সুর-সংগীতের মূর্ছনায় ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে বরণ করা হবে বাংলা নতুন বছর-১৪৩৩। সুরের ধারার শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই আয়োজন। এ ছাড়াও সংগীত পরিবেশন করবেন- দেশের খ্যাতিমান শিল্পী রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী, কিরণ চন্দ্র রায়, কোনাল, লুইপাসহ তরুণ প্রজন্মের একঝাঁক শিল্পী। উপস্থাপনা করবেন দীপ্তি চৌধুরী। আবৃত্তিতে থাকবেন জয়ন্ত চট্টোপাধ্যায়। এ ছাড়াও একইস্থানে গতকাল বিকাল ৫টা ৩০ মিনিট থেকে চৈত্র-সংক্রান্তির আয়োজনে থাকবেন শিল্পী বুলবুল ইসলাম, চন্দনা মজুমদার, বিজন চন্দ্র মিস্ত্রী, প্রিয়াঙ্কা গোপ, স্বাতী সরকারের পরিবেশনা। আবৃত্তি করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ডালিয়া। নৃত্য পরিবেশনায় থাকবেন ওয়ার্দা রিহাব ও প্রেমা। উপস্থাপনা করবেন সামান্তা ইসলাম ও সানজিদা। নতুন বছরকে বরণ করতে থাকছে নানা আয়োজন। থাকবে বৈশাখী মেলা। নানা তৈজসপত্রের পসরা। নাগরদোলা সহ বাঙালির ঐতিহ্যবাহী মাটির তৈরি খেলনা ও বিভিন্ন জিনিসপত্র। উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুনসহ শিল্পসাহিত্য জগতের তারকারা। সমাপনী বক্তব্য দিবেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। পৃষ্ঠপোষকতায় দেশীয় কোমল পানীয় মোজো।
রবীন্দ্র সরোবরে ‘হাজারো কণ্ঠে বর্ষবরণ’
স্টাফ রিপোর্টার
১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
