ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলরদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের যাত্রা

ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলরদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের যাত্রা

ফন্ট সাইজ:

ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাচিত কাউন্সিলরদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘আসোসিয়াসিয়োঁ দে জেল্যু ফ্রঁসেজ দোরিজিন বাংলাদেশ’ (বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি জনপ্রতিনিধিদের সংগঠন) যাত্রা শুরু করেছে।

রোববার ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষা, কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ এবং প্রশাসনিক সহায়তা প্রদানের লক্ষে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।

নবগঠিত সংগঠনের সভাপতি হয়েছেন সাঁ দেনি'র কাউন্সিলর কৌশিক রাব্বানী, সেক্রেটারি সাঁ দেনি'র আরেক কাউন্সিলর নাহিদুল মোহাম্মদ, সহ-সভাপতি ইভরি সুর সেইন এর কাউন্সিলর ক্রিকেটার জুবায়েদ আহমেদ এবং ট্রেজারার গার্ঝ লে গোনেস এর তানিয়া তুনু।

নতুন সংগঠন প্রসঙ্গে সভাপতি কৌশিক রাব্বানী বলেন, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সর্বপ্রকার প্রশাসনিক সহায়তা প্রদান, তাদের অধিকার সংরক্ষণ এবং ফরাসি সমাজে তাদের অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষে এ সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে।

আমরা চাই, এই প্ল্যাটফর্মটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নির্ভরযোগ্য আশ্রয়স্থল ও কার্যকর প্রতিনিধিত্বকারী শক্তিতে পরিণত হোক। সংগঠনের উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ফ্রান্সের জাতীয় পর্যায়ের জনপ্রতিনিধি, বিশেষ করে সংসদ সদস্যরাও এ প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হবেন। এতে সংগঠনটি আরও শক্তিশালী, গতিশীল এবং কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

পাশাপাশি ফরাসি সমাজে বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা এবং তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেও সংগঠনটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন