মহানাটকীয় সব ঘটনার পর অবশেষে আগামীকাল মাঠে গড়াতে যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ম্যাচটি নিয়ে দর্শকদের আগ্রহের পারদ একেবারে চূড়ায়। ম্যাচের টিকিট তো সোল্ডআউট বটেই, হোটেল-ফ্লাইট ভাড়াও বেড়ে দাঁড়িয়েছে চার গুণ! এর মধ্যেই একটি মন খারাপ করার মতো সংবাদ দিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। শুক্রবার শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপের কারণে আগামীকাল সন্ধ্যায় কলম্বোতে হতে যাওয়া ম্যাচটিতে বৃষ্টি বাগড়া দিতে পারে।
কলম্বোর খেত্তারামা এলাকায় অবস্থিত আর প্রেমাদাসা স্টেডিয়াম। এখানেই অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচটি। রোববারের পূর্বাভাস অনুযায়ী, দিনের শুরুতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে, তাপমাত্রা সর্বোচ্চ ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে বিকাল থেকে দেখা যেতে পারে বিপত্তি। পুরোটা সময়জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার বৃষ্টির সম্ভাবনা ৫০ থেকে ৭০ শতাংশ!
