নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের দিন একই রূপে অবতীর্ন হলেন শাডলি ভ্যান স্কলভাইক। ভারত ও পাকিস্তানের বিপক্ষে ৪টি করে উইকেট নেয়া এ মার্কিন পেসার এদিন নিলেন ৩ উইকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরে প্রথম তিন ম্যাচেই স্কলভাইকের উইকেট হলো ১১টি। এদিন দুর্দান্ত জয় তুলে নিলো যুক্তরাষ্ট্রও। ডাচদের বিপক্ষে মার্কিনীদের জয় ৯৩ রানে। আইসিসির সহযোগী দেশ হিসেবে সীমিত সংস্করণের বিশ্বকাপে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড এটি।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৯৬ রান তোলে যুক্তরাষ্ট্র। রান তাড়ায় ১৫.৫ ওভারেই ১০৩ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। তবে সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় রানের ব্যবধানে জয়ের রেকর্ডটি শ্রীলঙ্কার নামের পাশে। ২০০৭-এ প্রথম আসরেই কেনিয়াকে ১৭২ রানে হারায় লঙ্কানরা।
