ইমরান খানকে ইসলামাবাদে স্থানান্তরের পরিকল্পনা করছে পাকিস্তান সরকার

ইমরান খানকে ইসলামাবাদে স্থানান্তরের পরিকল্পনা করছে পাকিস্তান সরকার

ফন্ট সাইজ:

পিএমএল-এন নেতৃত্বাধীন ফেডারেল সরকার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদ কারাগারে স্থানান্তরের পরিকল্পনা করেছে। নতুন কারাগারটি আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ফেডারেল রাজধানীতে কোনো পূর্ণাঙ্গ কারাগার নেই। শুক্রবার ইসলামাবাদ পুলিশের পাসিং-আউট প্যারেড অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, ইসলামাবাদ কারাগার নির্মাণ শেষ হলেই ইমরান খানকে সেখানে স্থানান্তর করা হবে।

এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। এতে বলা হয় নাকভি বলেন, ইসলামাবাদ কারাগার দুই মাসের মধ্যে সম্পন্ন হবে। কারাগারের ভেতরে সব ধরনের চিকিৎসা সুবিধা থাকবে। যেহেতু ইমরান খানকে ইসলামাবাদের একটি আদালত সাজা দিয়েছে, তাই তাকে ইসলামাবাদ কারাগারে নেয়া হবে।
পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে আদিয়ালা কারাগারে আটক রয়েছেন। এর আগে বৃহস্পতিবার ফেডারেল সরকার সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করে যে, হেফাজতে তার দৃষ্টিশক্তির অবনতির বিষয়ে উদ্বেগের প্রেক্ষিতে তাকে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের মাধ্যমে নতুন করে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।

তার দুই ছেলে কাসিম ও সুলায়মানের সঙ্গে টেলিফোনে যোগাযোগের সুযোগ দেয়া হবে।
সুপ্রিম কোর্টের অ্যামিকাস কিউরি হিসেবে সালমান সাফদার অ্যাডভোকেট মঙ্গলবার আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাৎ করেন। পরদিন তিনি সাত পৃষ্ঠার একটি প্রতিবেদন দাখিল করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রীর কারাবাসের পরিস্থিতি তুলে ধরা হয়। প্রতিবেদনে ইমরান খানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, চিকিৎসা (ইনজেকশনসহ) দেয়া সত্ত্বেও তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে।

এই প্রতিবেদন প্রকাশের পর তার স্বাস্থ্য নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। পিটিআই দাবি করেছে, জাতীয় ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাকে নিঃসঙ্গ সেলে রাখা হয়েছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফেডারেল পুলিশের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে আমাদের সন্ত্রাসবাদ মোকাবিলার জন্য আলাদা কোনো বিশেষ বাহিনী ছিল না। তিন মাস আগে আমরা এই উদ্যোগ শুরু করি। কোর্সের মেয়াদ ছয় মাস হলেও দিনরাত পরিশ্রম করে তা তিন মাসে শেষ করা হয়েছে। প্রশিক্ষণ প্রদানকারী কর্মকর্তাদের কৃতিত্ব দিতে হয়।

Golam Mostafa

৩ মাস আগে

ইমরান খানের সুস্থ্যতা কামনা করি।

মন্তব্য করুন