সিলেটের আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা দিয়েছেন শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এজন্য তিনি প্রশাসনকে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন। বলেছেন- ছিনতাই-রাহাজানি রোধে এক সপ্তাহের মধ্যে ইতিবাচক ফলাফল দেখতে চাই। রোববার সিলেটে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন। মাদকের ব্যাপারে কঠোর ভূমিকা পালন করতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানান। এ ছাড়া, জাফলং খাসিয়ারা মারা খেলার মাঠ নিয়ে যে ঘটনা ঘটেছে সে ব্যাপারে বল যাতে এলাকার বাইরে যেতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার কথা বলেন তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে এত খারাপ হয়ে গেছে- এমন কিছু না। প্রশাসন এবং নেতৃবৃন্দ সক্রিয় আছেন। গত মাসের চেয়ে এ মাসে পরিস্থিতি ভালো রয়েছে। আইনশৃঙ্খলা কমিটির সভায় মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আমি বা বাণিজ্যমন্ত্রী থাকি বা না থাকি, আমাদেরকে প্রতি মাসের রিপোর্টটা পাঠাবেন। কী কী প্রস্তাব হয়েছিল, কী কী বাস্তবায়ন হচ্ছে বা হচ্ছে না- এগুলো আমাদের নলেজে থাকলে আমাদের জন্য সুবিধা হবে। সীমান্ত লাইনে যেসব রুটে চোরাচালান মালামাল আসা-যাওয়া করে তার একটা ম্যাপ আমাকে দেন। বিশেষ করে বিজিবি’র এখন তেলের ডিপোতে চেক দেয়া দরকার। এখান থেকে তেল বাইরে যেতে পারে। এজন্য ওই স্পটগুলোতে আলাদা চেকপোস্ট বসান। বর্ডার এরিয়া যদি কন্ট্রোল করতে পারি, দেখবেন তেলের সংকট হবে না। সরকার ভর্তুকি দিচ্ছে। অথচ এটা যদি অন্যদিকে চলে যায়, জনগণের লাভ কী হবে? তিনি বলেন, সরকারের ওপর এত চাপ থাকা সত্ত্বেও এত টাকা করে দেয়ার পরও যদি তেল বাইরে চলে যায়- এটা অত্যন্ত দুঃখজনক। আপনারা এ ব্যাপারে কঠিন থেকে কঠিনতর অবস্থান নেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেন বর্ডারে কতোটুকু জায়গা প্রটেকশন দেয়া দরকার। আমাদের এখানে গুলি করে হত্যা বা এই জাতীয় জিনিস আমরা কমিয়ে আনতে পারি- সেই ব্যবস্থা নেবেন। জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রী প্রশাসনকে তাগিদ দেন এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী ও প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে নির্দেশ প্রদান করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী। এ ছাড়া, সিলেট জেলা ও নগর বিএনপি’র নেতারা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোলাগঞ্জ স্থলবন্দর এলাকা পরিদর্শন: বিকালে মন্ত্রী সিলেটের প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ স্থলবন্দর এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থলবন্দর এলাকায় নির্মাণাধীন স্থাপনা ঘুরে দেখেন এবং ব্যবসায়ীসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি সাদাপাথরের প্রবেশমুখ ১০ নম্বর এলাকাও ঘুরে দেখেন। পর্যটন স্পট এলাকার নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে মন্ত্রী ওই এলাকায় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। মাস্টাররোলের আওতায় সাদাপাথরকে নিয়ে আসতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।
সিলেটে আইনশৃঙ্খলা রক্ষায় মন্ত্রী আরিফুল হকের কঠোর নির্দেশ
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৩ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
