শ্যামনগরে নদীর চরে হাজারও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

শ্যামনগরে নদীর চরে হাজারও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

ফন্ট সাইজ:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দুর্গাবাটি হুলায় নদীর চরে নির্বিচারে হাজার হাজার গাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় শ্যামনগর প্রেস ক্লাবের সামনে উপজেলার বিভিন্ন পরিবেশবাদী সংস্থার স্বেচ্ছাসেবীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নদীর চরে বেড়ে ওঠা হাজার হাজার ছোট-বড় গাছ কোনো নিয়ম-নীতি ছাড়াই কেটে ফেলা হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এসব গাছই ছিল প্রাকৃতিক ঢাল। যা নদীভাঙন রোধ করতো, ঝড়-জলোচ্ছ্বাস থেকে মানুষকে রক্ষা করতো এবং অসংখ্য প্রাণীর আশ্রয়স্থল হিসেবে কাজ করতো। বক্তারা আরও বলেন, মানুষের লোভ ও অবহেলায় আজ সেই সবুজ বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে। এটি শুধু গাছ কাটা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও পরিবেশ ধ্বংসের শামিল। এভাবে গাছ নিধন চলতে থাকলে অদূর ভবিষ্যতে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দেবে, বাড়বে নদীভাঙন, ধ্বংস হবে জীববৈচিত্র্য। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়- অবিলম্বে গাছ নিধন বন্ধ করাসহ জড়িতদের আইনের আওতায় আনতে হবে। সিডিও’র নির্বাহী পরিচালক সাংবাদিক গাজী আল ইমরানের সভাপতিত্বে এবং সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউপি সদস্য আবিয়ার রহমান, সিডিও ইয়ুথ টিমের ভলেন্টিয়ার আনিসুর রহমান মিলন, নূরনাহার পারভীন নুহা, শুভজিত, ইয়ুর ফর সুন্দরবন থেকে মুনতাকিমুল ইসলাম রুহানি, রাজিয়া সুলতানা প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন