পাকিস্তানে ২১ ঘণ্টার ম্যারাথন শান্তি আলোচনা। কঠোর শর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সেই আলোচনা ক্রমশ দীর্ঘায়িত হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই আলোচনা ভেস্তে যায় কোনো চুক্তি ছাড়াই। ইরানকে পারমাণবিক কর্মসূচি ইস্যুতে কঠোর শর্ত দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু ইরান তা মানতে অস্বীকৃতি জানায়। মূলত এখানেই আটকে যায় আলোচনা। অবশেষে চুক্তি ছাড়াই পাকিস্তান থেকে ফিরে গেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি যখন পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে ম্যারাথন আলোচনায় ব্যস্ত তখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফ্লোরিডার মিয়ামিতে একটি ইউএফসি লড়াই দেখতে উপস্থিত।
ইউএফসি হলো আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ। এটি যুক্তরাষ্ট্রে জনপ্রিয় রেসলিং প্রতিযোগিতা। ট্রাম্প সেই এরিনায় প্রবেশ করার পর, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’কে কাছের আসন থেকে প্রেসিডেন্টের কানে কানে কিছু বলতে দেখা যায়। ট্রাম্পের সঙ্গে সফররত সাংবাদিকদের তথ্য এবং ইভেন্টের ভিডিও ফুটেজে এই দৃশ্য ধরা পড়ে। দুজনের মধ্যে সংক্ষিপ্ত কথোপকথনের পর ট্রাম্প পেছনের দর্শকদের দিকে ঘুরে মুচকি হেসে মুষ্টি উঁচিয়ে অভিবাদন জানান। এর আগে মিয়ামির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন। পাকিস্তানে চলমান আলোচনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি হোক বা না হোক- এতে আমার কোনো পার্থক্য হয় না।
