রপ্তানিকারকদের ঋণ দিতে পাঁচ হাজার কোটি টাকার তহবিল

রপ্তানিকারকদের ঋণ দিতে পাঁচ হাজার কোটি টাকার তহবিল

ফন্ট সাইজ:

রপ্তানিকারকদের জন্য আবার কম সুদের প্র্লিশিপমেন্ট ঋণ চালু করলো বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে বিদ্যমান ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল থেকে এ খাতের জন্য ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ব্যাংকগুলো ২ শতাংশ সুদে তহবিল নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে বিতরণ করবে। রপ্তানি পণ্য জাহাজীকরণের আগের খরচ মেটাতে ব্যবসায়ীরা এ ধরনের ঋণ নিতে পারবেন। এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়।

করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর ২০২০ সালের এপ্রিলে প্রথমবারের মতো প্রি-শিপমেন্ট ঋণের জন্য পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। পাঁচ বছরের জন্য গঠিন তহবিলের মেয়াদ শেষ হয় গত বছরের এপ্রিলে। এরপর এ তহবিলের আর মেয়াদ বাড়ানো হয়নি। এখান থেকেও ব্যাংকগুলো ২ শতাংশ সুদে তহবিল নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে বিতরণ করতে পারতো।

সার্কুলারে বলা হয়েছে, দেশের সব ব্যাংক এখান থেকে পুনঃঅর্থায়ন নিতে পারবে। এ তহবিলের আওতায় পুনঃঅর্থায়ন স্কিমের মেয়াদ হবে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত। কোনো একক প্রতিষ্ঠান একই সময়ে সুদসহ সর্বোচ্চ ২০০ কোটি টাকার বেশি ঋণ নিতে পারবে না। এ তহবিল চালুর প্রেক্ষাপট তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান যুদ্ধসহ বিভিন্ন কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে তৈরি পোশাক খাতসহ রপ্তানিমুখী খাতের বিদ্যমান সংকট থেকে উত্তরণ, রপ্তানি প্রবৃদ্ধি বজায় রাখা এবং উৎপাদন অব্যাহত রেখে দেশে বৈদেশিক মুদ্রা প্রবাহ বাড়ানোর জন্য প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে পুনঃঅর্থায়ন তহবিলের মেয়াদ বাড়ানোর প্রয়োজনীয়তা পরিলক্ষিত হয়। ২০২৩ সালে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল থেকে সর্বোচ্চ ৫ হাজার কোটি টাকা প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতের জন্য বরাদ্দপূর্বক পুনঃঅর্থায়ন করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন