ময়মনসিংহের তারাকান্দায় হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছেন বিবাদীর ভাইসহ অন্যান্যরা। একইসঙ্গে পুলিশের বিরুদ্ধে আসামি গ্রেপ্তার করার অভিযোগ করেছেন বাদী। সূত্র জানায়, গত ২৩শে মার্চ সন্ধ্যায় উপজেলার কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকায় বাড়ির পাশে নিহত ফখর উদ্দিনের মুদির দোকান ছিল। দোকানের পাশে মাঠের মতো খালি জায়গা ছিল। ওই মাঠে এলাকার ছেলেরা ক্রিকেট খেলতো। ঘটনার দিন ক্রিকেট বল বারবার দোকানে আসায় ক্ষিপ্ত হয়ে ছেলেদের দূরে গিয়ে খেলতে বলেন ফখর উদ্দিন। এ নিয়ে দু’পক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষ ফখর উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেঙে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরদিন বিকালে নিহতের ছেলে জাকিরুল ইসলাম বাদী হয়ে ২৮ জনের নামে ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ মৃত আলাউদ্দিনের ছেলে নুর ইসলাম হক হীরা (২২), আবুল হোসেনের ছেলে শাহাদাত হোসেন (২৫), মৃত হাবিবুর রহমানের স্ত্রী লাইলী বেগম (৪৯), মো. শরাফত আলীর স্ত্রী মনোয়ারা খাতুন (৪০), মো. মরম আলীর স্ত্রী রাবিয়া খাতুন (৪০), মো. আবুল হোসেনের স্ত্রী নুরজাহান বেগমকে (৪৫) গ্রেপ্তার করে। প্রত্যেকেই উপজেলার কাকনি ইউনিয়নের বাসিন্দা। মামলার পর থেকে আসামি খোকন মিয়ার ভাই সিরাজুল ইসলাম, রুবেল মিয়া, রফিকুল ইসলাম মামলা তুলে নিতে নিহত ফখর উদ্দিনের ছেলে জাকিরুল ইসলামকে হুমকি দিয়ে আসছেন। একইসঙ্গে পুলিশ অনৈতিক সুবিধা নিয়ে অপর আসামিদের গ্রেপ্তার না করার অভিযোগ করছেন মামলার বাদী জাকিরুল ইসলাম। তিনি বলেন, আমার বাবাকে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যা করে। হত্যার পর আমি থানায় মামলা করি। মামলার পর থেকে মামলা আসামি খোকন মিয়ার ভাই সিরাজুল ইসলাম, রুবেল মিয়া, রফিকুল ইসলাম মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। এ ছাড়াও সিরাজুল নিজের বাড়িতে নিজেরাই আগুন দিয়ে আমাদের লোকদের আসামি করে মামলা দিয়েছে। হুমকির বিষয়টি আমি ফুলপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে জানিয়েছি। তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে বিষয়টি অস্বীকার করে সিরাজুল বলেন, আমরা কোনো হুমকি দেইনি। আমাদের ওপর মিথ্যা অপবাদ দিচ্ছে বাদী পক্ষ। তারাকান্দা থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল বারেক বলেন, হুমকির বিষয়টি বাদী পক্ষ আমাদের জানায়নি। হুমকি দিলে বাদী পক্ষ সাধারণ ডায়েরি করবেন। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তার করতে আমরা আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহার করছি। আশা করছি, অচিরেই আসামিদের ধরতে সক্ষম হবো।
ময়মনসিংহে হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ
ময়মনসিংহ ও তারাকান্দা প্রতিনিধি
১২ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
