ত্রিশালে উন্নয়নের নতুন দিগন্ত লিটনের মেগা উদ্যোগে জোর পাচ্ছে সেতু-জননিরাপত্তা

ফন্ট সাইজ:

দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে ময়মনসিংহের ত্রিশালকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত জনপদে গড়ার লক্ষ্যে কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছেন জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জননিরাপত্তা জোরদারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ঘোষণা করেছেন তিনটি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প, যা বাস্তবায়িত হলে বদলে যেতে পারে পুরো এলাকার আর্থসামাজিক চিত্র। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নকে সামনে রেখে নেয়া এসব উদ্যোগের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার। এমপি লিটন বলেন, উন্নয়নের মূলভিত্তি হলো সহজ ও নিরাপদ যোগাযোগ, পাশাপাশি শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থা। ত্রিশালের চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবে ব্রহ্মপুত্র নদের ওপর ‘বালিপাড়া-চর মাদাখালী ব্রিজ’ নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। বাস্তবায়িত হলে এই সেতু শুধু যোগাযোগ সহজ করবে না, বরং বদলে দেবে পুরো অঞ্চলের অর্থনৈতিক চিত্র। স্থানীয়দের কাছে এটি হয়ে উঠবে সম্ভাবনার নতুন দ্বার। অন্যদিকে ধানীখোলা ও বৈলর এলাকার গুরুত্বপূর্ণ সংযোগস্থলের জীর্ণ অবস্থা দূর করতে নেয়া হয়েছে আরেকটি আধুনিক ও প্রশস্ত সেতু নির্মাণ প্রকল্প। সংশ্লিষ্টদের মতে, এই সেতু চালু হলে ব্যবসা বাণিজ্য ও যাতায়াতে আসবে গতি, তৈরি হবে শিল্পায়নের নতুন সুযোগ। শুধু যোগাযোগ নয়, জননিরাপত্তা নিশ্চিত করতেও নেয়া হয়েছে কার্যকর উদ্যোগ। বালিপাড়ায় একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা করা হয়েছে, যা স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি। এর মাধ্যমে দ্রুত আইনগত সেবা প্রদান এবং অপরাধ নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। এমপি লিটন বলেন, জনপ্রতিনিধি হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের আস্থা অর্জনই আমার প্রধান লক্ষ্য। আপনাদের সহযোগিতা থাকলে ত্রিশালকে একটি আধুনিক ও নিরাপদ মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব। এদিকে এই তিনটি প্রকল্পের ঘোষণায় ত্রিশালজুড়ে বইছে আশার হাওয়া। স্থানীয়দের বিশ্বাস, পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ত্রিশাল শুধু ময়মনসিংহ নয়, সারা দেশের কাছে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন