মিরসরাইয়ে ৪ গাড়ির সংঘর্ষ, স্টিল বান্ডেল পড়ে পথচারী নিহত

ফন্ট সাইজ:

চট্টগ্রামের মিরসরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে ট্রাক থেকে ৫ টন ওজনের স্টিলের বান্ডেল ছিটকে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গত শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী আশরাফ (১৮) মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৈতন্যেরহাট এলাকার পেয়ারুল হকের ছেলে। আহতরা হলো- সোহাগ (২০), রাসেল (৩২) এবং নুরুল আমিন (২৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যান চলাচল ধীরগতির থাকায় প্রথমে একটি পিকআপের পেছনে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এরপর ওই কাভার্ডভ্যানের পেছনে স্টিলের বান্ডেলবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। পরে ট্রাকটির পেছনে আরও একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে চারটি যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে। এ সময় ট্রাকে থাকা প্রায় ৫ টন ওজনের স্টিলের বান্ডেল ছিড়ে পড়ে একটি কাভার্ডভ্যানের ওপর। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক সিটে আটকা পড়েন। একই সময়ে রাস্তা পারাপারের সময় স্টিল বান্ডেল পড়ে পথচারী গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই পথচারীর মৃত্যু হয়। জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাকারিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন