সীতাকুণ্ডে সংবাদ সম্মেলনে বাজার কমিটির নেতাদের দাবি

চাঁদা না পেয়ে ষড়যন্ত্রমূলকভাবে বদনাম করা হচ্ছে

ফন্ট সাইজ:

সীতাকুণ্ডে আবাসিক সাইমুন হোটেলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে ব্যর্থ হয়ে উল্টো বাজার কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে- এমন অভিযোগ উঠেছে। গতকাল দুপুরে সীতাকুণ্ড প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সীতাকুণ্ড বাজার কমিটির নেতারা এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তারা বলেন, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয় ও উপজেলা ছাত্র শক্তির আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ ও ইকরাম হোসেন রানার নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বিভিন্ন মাধ্যমে বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, সীতাকুণ্ড একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। এখানে বাঁশবাড়িয়া সাগর সৈকত, গুলিয়াখালী বিচ, ইকো পার্ক, সহস্রধারা ঝরনা এবং চন্দ্রনাথ মন্দিরে প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক আসেন। তাদের অভিযোগ, কিছু ব্যক্তি সন্ধ্যার পর পর্যটকদের জিম্মি করে টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার মতো অপকর্মে জড়িত, যা পুরো এলাকার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

বক্তারা দাবি করেন, এসব অনিয়ম ও অপকর্মের বিরুদ্ধে তারা প্রশাসনের সহযোগিতায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। একইসঙ্গে তারা সীতাকুণ্ডকে চাঁদাবাজ ও দুর্বৃত্তমুক্ত করার ঘোষণা দেন এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ছালে আহমদ সলু, সীতাকুণ্ড বাজার কমিটির সভাপতি নাছির উদ্দীন ভূঁইয়া, সহ-সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দীন। এ ছাড়া উপস্থিত ছিলেন- সমাজকল্যাণ সম্পাদক মো. আবু তাহের, দপ্তর সম্পাদক শ্রীধাম মাস্টার, ক্রীড়া সম্পাদক মোহন চন্দ্র দে, সহ-দপ্তর সম্পাদক নুর উদ্দিন, সদস্য মহিদুল আলম আবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন