প্রকৃত ক্ষতিগ্রস্তরাই ত্রাণ সহায়তা পাবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকৃত ক্ষতিগ্রস্তরাই ত্রাণ সহায়তা পাবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

দলীয় পরিচয় কিংবা ধর্ম দেখে নয়- প্রকৃত ক্ষতিগ্রস্তরাই ত্রাণ সহায়তা পাবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। গতকাল দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় বিজ্ঞান মেলার উদ্বোধন ও সম্প্রতি শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বোদা পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত মেলার উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, এই ক্ষুদে বিজ্ঞানীরাই আগামীতে আধুনিক বাংলাদেশ গড়বে প্রত্যাশা করি। এবং সেই লক্ষ্যে বিএনপি সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, আমাদের তরুণ সমাজকে নেশার ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, শিলাবৃষ্টি যেমন কোনো দল ধর্ম দেখেনি, তেমনি ত্রাণ বিতরণেও যেন কোনো দল মত দেখা না হয়। যারা ক্ষতিগ্রস্ত তারাই যেন সহায়তা পায়। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণেও দলীয় পরিচয় দেখা হবে না। যে পাওয়ার যোগ্য, তাকেই দেয়া হবে। এর আগে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে প্রতিমন্ত্রী উপজেলার ঝড়ো বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারকে নগদ ২ হাজার টাকা ও ১ প্যাকেট শুকনো খাবার, ১৩০টি পরিবারকে ১ বান্ডিল টিনসহ ৩ হাজার টাকা ও ৪৩০ জনকে ১৫ কেজি করে চাল তুলে দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বোদা থানার ওসি সোয়েল রানা, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ খাঁ আসাদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন