আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক,৯ নাগরিককে দেশে প্রত্যাবর্তন

কোস্ট গার্ডের ৪টি পৃথক অভিযান-

আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক,৯ নাগরিককে দেশে প্রত্যাবর্তন

ফন্ট সাইজ:

কক্সবাজারে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত ডাকাত পারভেজ বাহিনীর ১০ সদস্য আটক ও ডাকাতের কাছে জিম্মি থাকা ৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এছাড়া মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও সিমেন্টসহ ৮ পাচারকারী আটক ও মালয়েশিয়া গমনকালে নৌকাডুবির শিকার ৯ জন বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে প্রত্যাবর্তন করেছে। শনিবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৯টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কলাতলী বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সন্দেহজনক ১টি ফিশিং বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে গভীর সমুদ্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময়, কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে, বোটটিতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত পারভেজ বাহিনীর ১০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয় এবং ডাকাতের কাছে জিম্মি থাকা বোটসহ ৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

অপরদিকে ১২টায় ও ৩টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এবং কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক চট্টগ্রামের সদরঘাট থানাধীন শাহ আমানত ব্রিজ সংলগ্ন এলাকায় ও কক্সবাজারের বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহজনক ২টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রথম বোট থেকে প্রায় ৬ লাখ ৭১ হাজার টাকা মূল্যের ৫ হাজার লিটার ডিজেল, ৫৪ লিটার ইঞ্জিন কুল্যান্ট, ৭০ লিটার গিয়ার অয়েল, ৪০ লিটার সুপার মোটর অয়েল, ১টি ডিজেল ইঞ্জিন, ৪টি গ্যাস সিলিন্ডারসহ ৩জন পাচারকারী এবং ২য় বোট থেকে প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্টসহ ৫জন পাচারকারীকে আটক করা হয়।

এছাড়াও, বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এম টি মেঘনা প্রাইড চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রাকালে পথিমধ্যে গত ৯ এপ্রিল দুপুর ১টায় আন্দামান দ্বীপপুঞ্জের নিকটে গভীর সমুদ্রে বেশ কিছু মানুষকে পানির ড্রাম/কাঠের টুকরো নিয়ে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে উদ্ধার অভিযান পরিচালনা করে ৯ জন বাংলাদেশী নাগরিককে জীবিত উদ্ধার করে। পরবর্তীতে, উক্ত জাহাজ শনিবার মধ্যরাত ২টায় উদ্ধারকৃতদের গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলীর নিকট হস্তান্তর করে। আটককৃত ডাকাত, পাচারকারী, বোট ও জব্দকৃত মালামাল এবং উদ্ধারকৃত জিম্মি থাকা জেলে ও বাংলাদেশী নাগরিকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন