খুলনা বিভাগ

৪৮ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৭

ফন্ট সাইজ:

খুলনা বিভাগে গত ৪৮ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় একজন ও কুষ্টিয়ায় একজন। এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা. মো. মুজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ১৫ই মার্চ থেকে শনিবার পর্যন্ত বিভাগের ১০ জেলায় সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯৫ জন শিশু। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ৭৯৯ জন শিশু। এ ছাড়া, ৫১ জনের হাম শনাক্ত হয়েছে। এই সময় সন্দেহজনক হামে মারা গেছে ৯ জন শিশু। বিভাগের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়া জেলার। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৩৭৬ শিশু চিকিৎসাধীন রয়েছে। এ সময় হাসপাতাল ছেড়েছে ২৮২ জন। সন্দেহজনক হামে মারা গেছে ৮ জন শিশু, এর মধ্যে হামে শনাক্ত হয়ে মারা গেছে ৩ জন। এ ছাড়া, যশোরে ৯২ শিশু, খুলনায় ৮৭, বাগেরহাটে ৩০, চুয়াডাঙ্গায় ১৩, ঝিনাইদহে ৩৩, মাগুরায় ৫৭, মেহেরপুরে ৩৩, নড়াইলে ২৬ এবং সাতক্ষীরায় ৫২ জন চিকিৎসাধীন রয়েছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে খুলনা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৪৭ শিশু। এর মধ্যে কুষ্টিয়ায় ২৬, খুলনায় ৯, মাগুরায় ৫, নড়াইলে ৩, মেহেরপুরে ৩ ও চুয়াডাঙ্গায় একজন শিশু ভর্তি হয়েছে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন